ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। পুড়ে ছাই একটি পাঁচতলা বাড়ি। মৃত্যু হয়েছে ৩ শিশু-সহ অন্তত ৭ জনের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩০টি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।
দমকল সূত্রে খবর, বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকার পাঁচতলা বাড়িটিতে আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়া ঢাকে গোটা এলাকা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের ৩০টি ইঞ্জিন। আগুনের জেরে বাড়ির ভিতরেই আটকে পড়েন বহু বাসিন্দা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তবে ঘটনায় অগ্নিদগ্ধ এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের মধ্যে ৩ জন শিশু।আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাণ বাঁচাতে কয়েকজন বাসিন্দা বারান্দা থেকে ঝাঁপ মারেন বলেও খবর।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাড়িটির বেসমেন্ট, গ্রাউন্ড এবং প্রথম তলায় পোশাক ও প্রসাধনী সামগ্রী সংরক্ষণ করা হত। অন্যদিকে, দ্বিতীয় ও তৃতীয় তলাটি ব্যবহৃিত হত বসবাসের জন্য। কিন্তু কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ এবং দমকল। শেষ পাওয়া খবর অনুয়ায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'পালামের অগ্নিকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বাড়িটির ভিতরে এখনও অনেকে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। ঘটনার তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট।'
