পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। খামখেয়ালীপনার কারণে বাংলার প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে তাঁর দাবি, যে গতিতে কাজ চলছে তা শেষ হতে ৪ থেকে ৫ বছর লেগে যাবে। মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলায় অবিলম্বে ব্লক-ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি বিপুল পরিমাণ আবেদনের চাপ সামাল দিতে আরও অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের কথা বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ।
সর্বোচ্চ আদালতে দায়ের করা মামলায় অধীর জানিয়েছেন, বাংলার প্রায় ২৭ লক্ষ ভোটারদের নাম দেওয়া হয়েছে। খামখেয়ালী ভাবে এই কাজ করা হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রায় ৫ লক্ষ ভোটারের নাম সাধারণ ভুলের কারণে বাদ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। সুপ্রিম কোর্টের তৈরি করা ট্রাইব্যুনালের অবস্থাও খুব একটা ভালো না বলেই দাবি অধীরের। মামলার বিষয়বস্তুতে তিনি জানিয়েছেন, কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন। মুর্শিদাবাদে মাত্র ২টি ট্রাইব্যুনাল কাজ করছে। দিনে ৩০-৫০টি আবেদনের নিষ্পত্তি করা হচ্ছে। এই গতিতে কাজ চললে মামলার নিষ্পত্তি করতে ৪ থেকে ৫ বছর লেগে যাবে বলে দাবি করেছেন তিনি। অধীরের আরও অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে গরিব মানুষ বিভিন্ন সামাজিক ও সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন।
মামলায় কয়েকটি দাবি জানিয়েছেন অধীর। মুর্শিদাবাদ ও মালদহের মতো ক্ষতিগ্রস্ত এলাকায় ব্লক-ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত শুনানির ব্যবস্থা করার দাবি করেছেন প্রাক্তন সাংসদ। ২৭ লক্ষ আবেদন দ্রুত শুনানির জন্য আরও অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগের কথা বলেছেন তিনি। এ ছাড়াও ট্রাইব্যুনালে যাঁদের নামের নিষ্পত্তি হচ্ছে বাদ যাচ্ছে রায়ের কপি দেখার জন্য পোর্টাল তৈরির করার দাবি তুলেছেন অধীর। পাশাপাশি ট্রাইব্যুনালে আপিল করা কোনও ভোটার যেন নাগরিক ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন সেই দাবি জানিয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় বাংলার প্রায় ৯০ লক্ষ ভোটারদের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকা থেকে ফাইনাল রোল মিলিয়ে এত সংখ্যক ভোটারদের নাম বাদ পড়েছে। এদের মধ্যে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারাও রয়েছেন। এ দিকে ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে ২৭ লক্ষ ভোটারদের নাম। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানি প্রক্রিয়া চলছে। কিন্তু সেই প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি টি এস শিবজ্ঞানম। এবার তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী।
