shono
Advertisement

এবার আরএসএসের মঞ্চে রাহুল গান্ধী! কংগ্রেস সভাপতিকে আমন্ত্রণের সিদ্ধান্ত সংঘের

রাহুল কী যাবেন? The post এবার আরএসএসের মঞ্চে রাহুল গান্ধী! কংগ্রেস সভাপতিকে আমন্ত্রণের সিদ্ধান্ত সংঘের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:23 PM Aug 27, 2018Updated: 03:53 PM Aug 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আরএসএস মতাদর্শের সবচেয়ে বড় সমালোচক সম্ভবত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংঘের মতাদর্শ গোটা দেশে ছড়িয়ে দেওয়ার পথে ভবিষ্যতে বড় অন্তরায় হয়ে উঠতে পারেন কংগ্রেস সভাপতি। শুধু দেশের মাটিতে দাঁড়িয়ে নয়, বিদেশের মাটিতে দাঁড়িয়েও আরএসএস এবং তাঁর মতাদর্শ নিয়ে বিস্তর সমালোচনা শোনা গিয়েছে কংগ্রেস সভাপতির মুখে। খুব সম্প্রতি জার্মানিতে দাঁড়িয়ে কংগ্রেস সভাপতি সংঘকে কার্যত আইসিসের সঙ্গে তুলনা করেছিলেন। রাহুল বলেছিলেন, আরএসএস ভারত সম্পর্কে ধারণাটাই বদলে ফেলতে চাইছে, দেশের সমস্ত স্বশাসিত এবং স্বতন্ত্র সংস্থাকে নিজেদের অধীনস্থ করার চেষ্টা করছে। একমাত্র মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশগুলিতেই এসব হয়। রাহুলের এই মন্তব্যের বিস্তর সমালোচনা হয় এদেশে। এহেন রাহুল গান্ধীকে এবার নিজেদের সভায় আমন্ত্রণ জানাতে চলেছে আরএসএস।

Advertisement

[লোকসভা ভোটে ব্যালট ফেরানোর দাবিতে ফের সরব কংগ্রেস, তৃণমূল]

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর আরএসএসের ‘ভবিষ্যতের ভারত’ শীর্ষক একটি অনুষ্ঠান হওয়ার কথা। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমেঠির সাংসদ তথা গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানাতে চলেছে আরএসএস। সোমবার আরএসএসের তরফে একটি সাংবাদিক বৈঠকে দাবি করা হয়, সংঘের আদর্শ রাহুল বোঝেন না। ভারত মানে কী, ভারতের আদর্শ কী, এ নিয়ে কংগ্রেস সভাপতির কোনও ধারণা নেই। এরপরই খবর ছড়ায় ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে আগামী সেপ্টেম্বরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে কংগ্রেস সভাপতিকে।

[ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, গ্রাহকদের উপর বাড়ল চাপ]

এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নাগপুরে আরএসএস সমাবর্তনে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাতে হাজিরও হয়েছিলেন প্রণববাবু। সম্প্রতি মুম্বইয়ে আরএসএসের অনুষ্ঠানে সংঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছিল শিল্পপতি রতন টাটাকেও। কিন্তু প্রশ্ন হল, আমন্ত্রণ পেলে রাহুল গান্ধী কি যাবেন? রাহুল নিজেই বলেন, আরএসএস তাঁর শত্রু নয়, আরএসএসের কাছ থেকে তিনি শিখছেন। কংগ্রেস ভ্রাতৃত্বে বিশ্বাস করে বলেও দাবি করেন রাহুল, এই পরিস্থিতে সংঘের আমন্ত্রণ প্রত্যাখ্যান করাটা তাঁর পক্ষে কঠিন হবে। আবার আমন্ত্রণ গ্রহণ করলেও দলীয় কর্মীদের উদ্দেশে ভুল বার্তা যাবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের আগে মোক্ষম চাল দিয়ে রাহুলকে দোটানায় ফেলে দিল আরএসএস।   

The post এবার আরএসএসের মঞ্চে রাহুল গান্ধী! কংগ্রেস সভাপতিকে আমন্ত্রণের সিদ্ধান্ত সংঘের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement