shono
Advertisement
AIADMK

অস্তিত্ব সংকটে জয়ললিতার দল! ২ মাসে ইস্তফা ছয় বিধায়কের, নেপথ্যে কোন সমীকরণ?

বর্তমানে জয়ললিতার দলের বিধায়ক সংখ্যা কমে ৪১-এ দাঁড়িয়েছে। যা খবর তাতে আগামী দিনে আরও একাধিক বিধায়ক এই একই পথ ধরতে পারেন। ফলে তামিল রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই এখন চ্যালেঞ্জ একসময়ের শাসকদলের কাছে।
Published By: Subhodeep MullickPosted: 08:40 PM Jun 29, 2026Updated: 08:40 PM Jun 29, 2026

তামিলনাড়ুর নির্বাচনে এ বছর তৃতীয় হওয়ার পর বড়সড় ভাঙন শুরু হয়েছে এআইএডিএমকে-তে। সোমবার দল থেকে ইস্তফা দিলেন আরও এক বিধায়ক। এই নিয়ে দু'মাসে মোট ৬ জন বিধায়ক দল ছাড়লেন। তামিলনাড়ুর মসনদ থেকে পরপর দু’বার দূরে থাকার দরুন এবার সত্যি সত্যিই টিকে থাকার লড়াইয়ে জয়ললিতার দল। প্রশ্ন উঠছে, অসম গণপরিষদ, রাষ্ট্রীয় লোকদল, আইএনএলডি, অকালি দল, বিএসপির পথে কি এবার এআইএডিএমকে?

Advertisement

সোমবার দল থেকে ইস্তফা দেন এম আর বিজয়ভাস্কর। তামিলনাড়ু বিধানসভার স্পিকারকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। পরে তা গৃহীতও হয়ে যায়। কে পালানিস্বামী এবং দলের শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সূত্রের খবর, তিনি শীঘ্রই বিজয়ের দল টিভিকে-তে যোগ দেবেন। এআইএডিএমকের অভিযোগ, তামিলনাড়ুতে দল ভাঙানোর রাজনৈতিক খেলায় মেতেছে বিজয়ের দল। বিরোধীদের দুর্বল করার চেষ্টা করছে তারা। যদিও টিভিকে এই অভিযোগ খারিজ করে দিয়েছে। তারা জানিয়েছে, পালানিস্বামীর কারণেই দল ছাড়ছেন অসন্তুষ্ট বিধায়করা। ইস্তফা দেওয়া বিধায়কদের মধ্যে চারজনই ইতিমধ্যে টিভিকে-তে যোগ দিয়েছেন। বাকি দু'জনও সেই পথেই।

বর্তমানে জয়ললিতার দলের বিধায়ক সংখ্যা কমে ৪১-এ দাঁড়িয়েছে। যা খবর তাতে আগামী দিনে আরও একাধিক বিধায়ক এই একই পথ ধরতে পারেন। ফলে তামিল রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই এখন চ্যালেঞ্জ একসময়ের শাসকদলের কাছে। এমনিতেই জয়ললিতার মৃত্যুর পর বহুবিভক্ত হয়েছে এআইএডিএমকে। কখনও দিনাকরণ, কখনও পনিরসেলভম, কখনও শশিকলা। পরপর ভাঙনে দুর্বল হয়েছে তামিল রাজনীতির অন্যতম প্রধান পক্ষ। এবার আরও একটি ভাঙন পালানিস্বামীরা সইতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন।

সূত্রের দাবি, সব মিলিয়ে এআইএডিএমকের আরও অন্তত ১৬ জন বিধায়ক বিজয়কে সমর্থন করতে ইচ্ছুক। এমনকী দলের প্রধান পালানিস্বামী যদি বিজয়কে সমর্থনে রাজি না হন, তাহলে তাঁরা সদলবলে পালানিস্বামীকে ছেড়ে নিজেরাই জয়ললিতার দলের মালিকানা দাবি করতে পারেন বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement