কাশ্মীরের বাজার থেকে উধাও খাসির মাংস! নেপথ্যে মাংস বিক্রেতাদের হরতাল। পাঞ্জাবের মহাসড়কগুলিতে গবাদি পশু পরিবহনকারী গাড়িগুলি থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন ওই ব্যবসায়ীরা। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে চিঠি লিখলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
২৩ জুন লেখা চিঠিতে ওমর জানিয়েছেন, অল কাশ্মীর হোলসেল মাটন ডিলার ইউনিয়ন বিষয়টি তাঁর নজরে আনে। তাদের অভিযোগ, জম্মু ও কাশ্মীরের গবাদি পশু ব্যবসায়ী এবং পরিবহনকারী গাড়িগুলি পাঞ্জাব হয়ে যাতায়াতের সময় গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে। গবাদি পশু বোঝাই যেসব গাড়ি জম্মু ও কাশ্মীরের উদ্দেশ্যে যাচ্ছে, গবাদি পশুর মেলার সঙ্গে যুক্ত ঠিকাদার গোষ্ঠীগুলো সেগুলিকে থামাচ্ছে এবং বৈধ অনুমতিপত্র ও প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে অর্থ আদায় করছে।
ওমর লিখেছেন, এই ধরনের বাধার ফলে গবাদি পশু পরিবহনে অকারণে বিলম্ব হচ্ছে। ফলস্বরূপ আর্থিক ক্ষতি এবং নানাবিধ ভোগান্তির মুখে পড়ছেন খাসির মাংসের ব্যবসায়ীরা। চিঠিতে জম্মু ও কাশ্মীরের খাদ্য, অসামরিক সরবরাহ ও ক্রেতা বিষয়ক বিভাগের একটি অভ্যন্তরীণ কমিটির প্রতিবেদনের কথাও উল্লেখ করেছেন ওমর আবদুল্লা। চিঠির শেষাংশে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে কাশ্মীরের মুখ্যমন্ত্রীর আবেদন, "আমি বিষয়টি খতিয়ে দেখার এবং পাঞ্জাবের মধ্য দিয়ে গবাদি পশু বহনকারী যানবাহনগুলোর সুষ্ঠু, নিরাপদ ও বাধাহীন চলাচল নিশ্চিত করার জন্য আপনার সহৃদয় হস্তক্ষেপ কামনা করছি।"
