৫৭ দিন ধরে চলে দুর্গম অমরনাথ তীর্থযাত্রা (Amarnath Yatra)। অথচ পাঁচদিনের মাথায় গলে জল 'বরফানি বাবা', যে বরফের শিবলিঙ্গ দর্শনে আসেন দেশ ও বিদেশের লক্ষ লক্ষ ভক্ত। চলতি বছরে গত ৩ জুলাই থেকে শুরু হয়েছিল যাত্রা। আর ৯ জুলাই, বৃহস্পতিবার মিলল দুঃসংবাদ! এই ঘটনা কি কোনও অশনি সংকেত? কেন দ্রুত গলে গেল অমরনাথের বরফের শিবলিঙ্গ?
প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকী বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত কঠিন পাহাড়ি পথ পেরিয়ে অমরনাথ গুহায় পৌঁছন। প্রথমে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প, তারপর সেখান থেকে অমরনাথের উদ্দেশে শুরু হয় পথচলা। এই পথে প্রত্যেক ভক্তকেই থামতে হয় যাঁর সামনে, তিনি বাবা বরফানি। যদিও এবারে যাত্রার পাঁচদিনের মধ্যে শিবলিঙ্গের বরফ গলে গিয়েছে বলেই জানা গিয়েছে।
গত ২৩ মে বিএসএফের তরফে অমরনাথ গুহার একটি ছবি তোলা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, ৭ ফুটের বরফের শিবলিঙ্গ। এমনকী ৩ জুলাই থেকে যখন অমরনাথ যাত্রা শুরু হল, তখনও শিবলিঙ্গের উচ্চতা ছিল ৫ ফুটের বেশি। এরপর গত ৫ দিনেই সম্পূর্ণ গলে গিয়েছে শিবলিঙ্গটি। জানা গিয়েছে, ৬ জুলাইয়ে মধ্যেই ৯০ শতাংশ গলে গিয়েছিল। আর বর্তমানে তো অমরনাথ গুহা ফাঁকা পড়ে আছে। স্বভাবতই দুর্গম পাহাড় ডিঙিয়ে অমরনাথ গুহার কাছে পৌঁছানো ভক্তেরা হতাশ। প্রশ্ন হল, কেন এমনটা হল?
ফাঁকা গুহার ছবি দিয়ে এক্স হ্যান্ডেল একটি পোস্ট করেছেন ভূস্বর্গের পিডিএফ নেতা ইলতিজা মুফতি। তিনি তীর্থযাত্রা পরিচালনা করা কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন। বরফানি বাবার দ্রুত গলে যাওয়া নিয়ে তদন্তের দাবি করেছেন। ইলতিজার বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে দিনে ১০ হাজারের বেশি ভক্ত বরফানি বাবার দর্শন করতে পারবে না। পিডিএফ নেতা প্রশ্ন তুলেছেন, আদৌ কি সেই নিয়ম মানা হচ্ছে? এর পাশাপাশি গবেষকদের একাংশ বলছেন, অমরনাথের শিবলিঙ্গ গলে যাওয়ার নেপথ্যে রয়েছে উষ্ণয়ান।
উল্লেখ্য, গুহার ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে। এরপর তা জমে নিজে থেকেই বরফের শিবলিঙ্গ তৈরি হয়। প্রতি বছরই এই শিবলিঙ্গের আকার, সাইজের বদল ঘটে থাকে। গোটাটাই নির্ভর করে সেই বছরের তাপমাত্রা-সহ অন্যান্য প্রাকৃতিক পরিস্থিতির উপর। মনে করা হচ্ছে, চলতি বছরে অতিরিক্ত গরমের কারণে যাত্রা শুরুর পাঁচদিনের মধ্যে সম্পূর্ণ গলে গিয়েছে বরফের শিবলিঙ্গ। বিশেষজ্ঞরা যাই বলুন না কেন মনখারাপ ভক্তদের, কেউ কেউ বরফানি বাবার গলে যাওয়ায় অশনি সংকেতও দেখছেন। যদিও বন্ধ হচ্ছে না তীর্থযাত্রা। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে ২০২৬ সালের অমরনাথ যাত্রা।
