সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমরনাথের পথেই আবারও মৃত্যু দুই পুণ্যার্থীর৷ জখম হয়েছেন আরও পাঁচজন৷ সোমবার পুণ্যার্থীদের একটি গাড়ি শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে৷ ঘটনায় আহত একাধিক। সোমবারের দুর্ঘটনাটি ধরলে চলতি বছরের অমরনাথ যাত্রায় এখনও পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।
[জঙ্গিদলে আইপিএস অফিসারের ভাই, ভিডিও প্রকাশ করে দাবি হিজবুলের]
বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী ছিল রবিবার৷ নিরাপত্তার কথা মাথায় রেখে ওইদিন বন্ধ করে দেওয়া হয় অমরনাথ যাত্রা৷ সোমবার সকালে চারজন পুণ্যার্থী নিয়ে একটি গাড়ি শ্রীনগর থেকে জম্মুর পথে যাচ্ছিল৷ কাজিগুন্ডের কাছে গাড়িটি বাঁক ঘুরতে গিয়ে উলটে যায়৷ ঘটনাস্থলেই মারা যান একজন৷ মৃত সুরিন্দর সিং লুধিয়ানার বাসিন্দা ছিলেন৷ বিনোদ কুমার নামে আরেক যাত্রী আহত হন৷ আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ বেশ কিছু্ক্ষণ হাসপাতালে ভরতি ছিলেন তিনি৷ সেখানেই মারা যান বিনোদ কুমার৷ বাকি পুণ্যার্থীরা এবং ওই গাড়ির চালক এখনও হাসপাতালে ভরতি রয়েছেন৷ তাঁদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক৷ এদিকে, পুণ্যার্থীদের শিবিরে রান্নাবান্নার দায়িত্বে থাকা এক স্বেচ্ছাসেবীরও মৃত্যু হয়েছে৷ স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যায় মারা গিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, মৃত ওই স্বেচ্ছাসেবী মিরাটের বাসিন্দা৷
[ভারতে বিশ্বের বৃহত্তম মোবাইল তৈরির কোম্পানি, উদ্বোধনে মোদি-মুন]
চলতি বছর অমরনাথ যাত্রীর সংখ্যা প্রায় দু’লক্ষ৷ ২৬ জুন প্রথম পুণ্যার্থীদের দল অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয়৷ জম্মু-কাশ্মীরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও একের পর এক সংঘর্ষবিরতির কথা মাথায় রেখে চলতি বছর নিরাপত্তায় জোর দেওয়া হয়েছিল৷ কিন্তু বারবার খারাপ আবহাওয়ার কারণে থমকে যায় অমরনাথ যাত্রা৷ কখনও বৃষ্টি, কখনও হড়পা বানও আসে৷ হড়পা বানে বালতালে প্রাণ হারান বেশ কয়েকজন পুণ্যার্থী৷ চন্দনওয়াড়িতে অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন আগে একজনের মৃত্যু হয়৷ সবমিলিয়ে চলতি বছরের অমরনাথ যাত্রায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে৷
The post অমরনাথের পথে ফের দুর্ঘটনায় প্রাণ গেল ২ পুণ্যার্থীর, জখম আরও ৫ appeared first on Sangbad Pratidin.
