দাবানলের কবলে অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। পাসিঘাটের মেবো এবং সিগার এলাকায় বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন। নিয়ন্ত্রণে আনতে আকাশপথে ৬৬ হাজার লিটার জল ঢালল বায়ুসেনা। বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই খবর জানানো হয়েছে। শেয়ার করা হয়েছে জল ছেটানোর ভিডিও-ও।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, 'অরুণাচল প্রদেশে দ্রুত প্রতিক্রিয়া এবং নির্ভুল অপারেশন চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। পাসিঘাটের মেবো এবং সিগার এলাকায় একটি বড় বনের আগুন নেভানোর জন্য এক Mi-17 V5 হেলিকপ্টার মোতায়েন করেছে। একাধিক অভিযানের মাধ্যমে, আগুন নিয়ন্ত্রণে আনতে কাছাকাছি বসতিগুলিকে রক্ষা করতে IAF ৬৬ হাজার লিটার জল ছেড়েছে।'
প্রসঙ্গত, এর আগে ১৮ ফেব্রুয়ারি অরুণাচলের ওয়ালং অঞ্চলেও আগুন জ্বলে উঠেছিল। সেই সময়ও সাফল্য পেয়েছিল বায়ুসেনা। অনেক উঁচু থেকে ১,৩৯,৮০০ লিটার জল ঢেলে আগুন নেভানো হয়েছিল। এদিকে গত রবিবার, ৮ মার্চ বায়ুসেনা ও সেনাবাহিনীর তরফে এক যৌথ মহড়া চালানো হয় তেহরি লেকে। রণকৌশল প্রদর্শন করতেই ওই মহড়ার পরিকল্পনা।
