খাবারে বিষ মিশিয়ে স্ত্রীকে দু'বার হত্যার চেষ্টা করেন স্বামী। কিন্তু ব্যর্থ হন। অবশেষে ১ লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলার লাগিয়ে তরুণীকে হত্যা করলেন মহারাষ্ট্রের বুলধানার বাসিন্দা অভিযুক্ত যুবক। প্রাথমিক ভাবে দুর্ঘটনার গল্প ফেঁদেছিলেন তিনি। যদিও পুলিশি তদন্ত ফাঁস হয়ে গেল জটিল হত্যারহস্য।
অভিযুক্ত যুবকের নাম প্রকাশ গাওয়ান্ডে। মৃতা স্ত্রীর নাম বৃশালী। তিনি পেশায় অধ্যাপিকা। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না। এর মধ্যে গত ২ মার্চ 'দুর্ঘটনায়' মৃত্যু হয় বৃশালীর। একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে তরুণীর স্কুটারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ দুর্ঘটনার তদন্ত নামলে এমএইচ ২৮ বিবি ৫৭৫৩ গাড়ির খোঁজ শুরু হয়। আটক করা হয় মণীশ সূর্যবংশী নামের এক ব্যক্তিকে।
মণীশকে জিজ্ঞাসাবাদে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য---স্বামী প্রকাশের নির্দেশেই বৃশালীকে হত্যা করেন তিনি। প্রকাশ এই খুনের জন্য ১ লক্ষ টাকা দেন মঙ্গেশ চুলকার নামের এক বক্তিকে। মঙ্গেশের নির্দেশে তরুণীর স্কুটারে মারণ ধাক্কা মারেন মণীশ। এর পর তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করে পুলিশ। পারিবারিক দ্বন্দ্বের কারণে স্ত্রীকে হত্যার বিষয়টি স্পষ্ট হলেও নির্দিষ্ট কোন কারণে এই খুন, জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
