৩৫ বছর ধরে দলের সঙ্গে যুক্ত। দুঃসময়ে বিজেপির 'সেবা' করেছেন। যখন দলের কিছু ছিল না তখনও পতাকা বয়ে বেড়িয়েছেন। অথচ দল তাঁকে টিকিট না দিয়ে প্রার্থী করেছে কংগ্রেস থেকে আসা হেভিওয়েট নেতাকে। ক্ষোভে বিজেপি ছেড়েছেন অসমের বর্ষীয়ান নেতা জয়ন্ত দাস। ঘোষণা করেছেন, নির্দল হিসাবে আগামী নির্বাচনে (Assam Assembly Election 2026) প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু তাই নয়, আগামী দিনে তৃণমূল বিজেপি নামের নতুন দলও গড়বেন তিনি।
জয়ন্ত দাস অসম বিজেপির পুরনো নেতা। কিন্তু হিমন্ত বিশ্বশর্মার আমলে অসমের পুরনো বিজেপি নেতারা খানিক কোণঠাসা। বরং, কংগ্রেস থেকে আসা নেতাদের দাপট বেশি। জয়ন্ত দাস এবারও অসমের দিশপুর আসন থেকে দলের টিকিট চেয়েছিলেন। কিন্তু তাঁকে বঞ্চিত করে একদিন আগে কংগ্রেস থেকে আসা প্রদ্যুত বরদলুইকে ওই 'নিরাপদ' আসনে প্রার্থী করেছে গেরুয়া শিবির। তাতেই ক্ষোভ জয়ন্তর।
তিনি বলছেন, দিশপুর আসনে একসঙ্গে দু'জন কংগ্রেস প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন বিজেপির টিকিটে, একজন কংগ্রেসের টিকিটে। তাই দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি নির্দল হিসাবে প্রার্থী হচ্ছেন। জয়ন্ত দাসের বক্তব্য, "আমি বিজেপির সৈনিক। তাই দু'জন কংগ্রেস নেতার বিরুদ্ধে আমাকে লড়তেই হত। নাহলে দিশপুরের বিজেপি কর্মীদের সঙ্গে অন্যায় হবে।"
এখানেই শেষ নয়, জয়ন্ত দাস ঘোষণা করে দিয়েছেন, ভোটের পরই তিনি নতুন রাজনৈতিক দলও গড়বেন। প্রাথমিকভাবে সেই দলের নাম ঠিক করেছেন 'তৃণমূল বিজেপি'। না, বাংলার তৃণমূলের সঙ্গে ওই দলের কোনও সম্পর্ক নেই। তিনি নিজের দল তৃণমূল বিজেপি রেখেছেন, কারণ তৃণমূল স্তরের বিজেপি কর্মীদের নিয়ে দলটি গড়তে চান। হিমন্তর দাপটে কোণঠাসা বিজেপি নেতাদেরও ওই দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
