নানা অছিলায় দেশজুড়ে নতুন করে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)(CJP Protest)। তাই দিল্লিতে ফের অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যন্তর মন্তর (Jantar Mantar) আবার নামানো হল র্যাফ। বসল ব্যারিকেডও। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
মঙ্গলবার সিজেপি অভিযোগ করে, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে শত শত ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের দাবি জানান তিনি। একইসঙ্গে তাঁদের অবিলম্বে মুক্তিরও দাবি জানান তিনি। এরপরই তিনি নতুন করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার সকাল থেকেই যন্তর মন্তরে পুরনো ছবি ফিরতে শুরু করেছে। শয়ে শয়ে ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে এলাকা। নামানো হয়েছে র্যাফ। শুধু তাই নয়, দিল্লি পুলিশের অতিরিক্ত বাহিনীকেও সেখানে মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখানেই টানা ৩৬ দিন ধরে আন্দোলন চালিয়েছিল 'আরশোলা'রা। ফের কি তাহলে নতুন করে উত্তপ্ত হবে যন্তর মন্তর? উঠছে প্রশ্ন।
