ক্লাস থেকে বেরনোর অনুমতি চেয়েছিলেন পড়ুয়া। তার বদলে ভরা ক্লাসের সামনে জুটল 'জঙ্গি' তকমা! বিতর্কিত ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এক বিশ্ববিদ্যালয়ে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ভরা ক্লাসের মধ্যে ওই পড়ুয়ার প্রতি একের পর এক মন্তব্য করছেন অভিযুক্ত অধ্যাপক। একটা সময়ে ওই মুসলিম পড়ুয়াকে সটান জঙ্গি বলে বসেন। দাবি করেন, ওই পড়ুয়ারাই ইরান যুদ্ধের জন্য দায়ী। তাদের প্রত্যেকের নরকবাস হওয়া উচিত। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পিইএস বিশ্ববিদ্যালয়ে। অভিযুক্ত অধ্যাপকের নাম মুরলীধর দেশপাণ্ডে। জানা গিয়েছে, মঙ্গলবার তাঁর ক্লাস চলাকালীন আফান নামে এক পড়ুয়া বেরনোর অনুমতি চেয়েছিলেন। কিন্তু আফানের কথা শুনেই রেগে ওঠেন অধ্যাপক। ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, "তোমার লজ্জা করে না? তোমার মতো মানুষদের জন্যই ইরানে যুদ্ধ হচ্ছে। তোমরা জঙ্গি। নরকে যাওয়া উচিত তোমার।" ক্লাসে থাকা অন্য এক পড়ুয়া গোটা ঘটনাটি রেকর্ড করেন। সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
জানা গিয়েছে, অভিযুক্ত অধ্যাপক মুরলীধরকে সাসপেন্ড করা হয়েছে, তবে সেটা ঘটনার তিনদিন পর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়ার তরফ থেকে অভিযোগ পেয়েছেন তাঁরা। আপাতত ঘটনার তদন্ত চলবে। আরও তিনজন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে নানা কারণে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, প্রত্যেক অধ্যাপককে বলা হয় তাঁরা যেন ক্লাসে যথাযথ আচরণ করেন। তবে এহেন ঘটনা বিশ্ববিদ্যালয়ে কখনও ঘটেনি বলেই জানিয়েছেন তিনি।
যদিও এই ঘটনায় পুলিশি অভিযোগ দায়ের হয়নি। বেঙ্গালুরু পুলিশ ভাইরাল ভিডিও দেখে নিজেই যোগাযোগ করেছিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। যদি বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ দায়ের করা হত তাহলে পুলিশ ওই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত, কিন্তু সেটা হয়নি। যদিও পুলিশের দ্বারস্থ হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। অধ্যাপকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছে তারা। অধ্যাপকের ক্ষমাপ্রার্থনাও চেয়েছে। কিন্তু এখনও অধ্যাপকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
