সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে ব্যাঙ্কে ঢুকেই চোখ পড়েছিল এক ব্যাঙ্ক কর্মীর। ব্যাঙ্কের পিছনে জানলার গ্রিল কাটা। বড়সড় কিছু ঘটেছে আঁচ করেছিলেন। কিন্তু নোটের বান্ডিল যেমন ছিল তেমনই আছে। কিছু পরেই চুরির হদিশ মিলল। বুঝতে পারেন ব্যাঙ্কে রাখা সমস্ত কয়েন খোয়া গিয়েছে। হ্যাঁ, চোর এসেছিল। চুরিও হয়েছে। তবে স্রেফ কয়েনে। একটি নোটেও হাত পড়েনি।
দিল্লির মুখার্জি নগর এলাকার সিন্ডিকেট ব্যাঙ্কের এ ঘটনায় চমকে গিয়েছিলেন পুলিশকর্মীরা। দুষ্কৃতীরা ব্যাঙ্কে ঢুকল। অথচ কোনও নোট ছুঁয়েও দেখেনি দুষ্কৃতীরা। এ কী অদ্ভুত ব্যাপার! তবে কয়েনেও যে পরিমাণ টাকা খোয়া গিয়েছে তার অঙ্কটাও নেহাত কম নয়। প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা উধাও হয়ে যায়। কিন্তু শুধু কয়েন কেন? তদন্তে নামে পুলিশ।
[ OMG! হাইওয়ের টোলপ্লাজা থেকে টাকা লুট করলেন পুলিশকর্মীরাই! ]
সিসিটিভি ফুটেজ জানাচ্ছিল, মুখোশ পরা ব্যক্তিরা ব্যাঙ্কে ঢুকছে। তাদেরই একজনের হাতে একটি বিশেষ ট্যাটুতে পুলিশের নজর আটকায়। যেহেতু সামনেই বাস ডিপো, তাই ওই অঞ্চলেই খোঁজ শুরু করে পুলিশ। একজনের হাতে অনুরূপ ট্যাটু দেখতে পায়। তার সূত্র ধরেই দোষীদের কাছে পৌঁছয় পুলিশ। অভিযুক্তরা প্রত্যেকেই ওই বাস ডিপোতেই বিভিন্নরকম কাজ করে। ব্যাঙ্ক ডাকাতির প্ল্যানও করেছিল। তবে মনের মধ্যে গেড়ে বসেছিল একটা ভয়। দুষ্কৃতীরা শুনেছিল, নোটে নাকি মাইক্রোচিপ আছে। সেই ভয়েই ওদিকে আর হাত বাড়ায়নি তারা। বদলে কয়েনই সরিয়েছে দেদার। এছাড়া আরও একটা কারণ আছে। হাতে টাকা এলে খরচের বহরও বাড়বে। নোট দেওয়া নেওয়ায় সন্দেহ গাঢ় হতে পারে। খুচরো সেদিক থেকে নিরাপদ। আর তাই বেশ কয়েকটি পলিথিনের ব্যাগ বোঝাই করে খুচরো নিয়েই চম্পট দিয়েছিল তারা। যদিও শেষরক্ষা হল না। শেষমেশ পুলিশের জালেই ধরা পড়ল সেই ‘বুদ্ধিমান’ চোরেরা। ‘খুচরো’ বুদ্ধি বোধহয় একেই বল।
[ গোপনীয়তা রক্ষা নাগরিকের মৌলিক অধিকার, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের ]
The post নোটে না, খুচরোতেই ব্যাঙ্ক থেকে ২.৩ লক্ষ টাকা হাতাল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.
