অসমে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রথম পর্বে ৮৮ জন প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর পাঁচবারের জেতা আসন জালুকবাড়িতেই লড়ছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরাহ এবং সাংসদ প্রদ্যুৎ বরদলুই। ভূপেন এবং প্রদ্যুৎ প্রার্থী হচ্ছেন যথাক্রমে বিহপুরিয়া এবং দিশপুরে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে অসমে বিজেপির জয়ের পিছনে ছিল হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব। আরও একবার উত্তরপূর্বের রাজ্যে জয়ের সন্ধানে গেরুয়া শিবির। ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর পদ বসছেন, মোটের উপর নিশ্চিত। জালুকবাড়ি বিধানসভা আসনে জেতা মোটের উপরে অভ্যাসে পরিণত করে ফেলেছেন হিমন্ত। ২০০১ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে জালুকবাড়ির বিধায়ক হন। আরও দু'বার ওই আসনে জিতে রাহুল গান্ধীর দলের বিধায়ক হন তিনি। ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন। এর পর ২০১৬ এবং ২০২১ সালে জয়ী হন একই আসনে। এবারও নিজের গড়েই লড়বেন অসমের মুখ্যমন্ত্রী।
গত লোকসভা ভোটে অসমে কংগ্রেসের মাত্র ৩ জন সাংসদ জিতেছিলেন। তাঁদের মধ্যে একজন প্রদ্যুৎ বরদলুই। ভোটের মুখে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এই বর্ষীয়ান নেতা। দল বদলেই টিকিট পেয়ে গেলেন তিনি। দিশপুর বিধানসভা আসনে তাঁকে প্রার্থী করল গেরুয়া শিবির। অন্যদিকে আরেক দলবদলু কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরাহ লড়াই করবেন বিহপুরিয়াতে। গত মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।ও
