চার বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নন্দগ্রামে। বুধবার সকালে পুলিশের এনকাউন্টারের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং কার্তুজ।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে স্থানীয় একটি খেতে ওই শিশুকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপরই হইচই পড়ে যায়। তড়িঘড়ি সেখানে ছুটে আসেন শিশুর মা-বাবা। এরপর তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে প্রজাপতি নামে স্থানীয় এক যুবক শিশুটিকে চকলেট কিনে দেওয়ার নাম করে বাইরে নিয়ে যান। তার পর থেকে শিশুটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয় চিরুণি তল্লাশি। বুধবার গোপন সূত্রে প্রজাপতির অবস্থান সম্পর্কে পুলিশের কাছে খবর আসে। এরপরই সেখানে রওনা দেয় তদন্তকারীদের একটি দল। পুলিশ সূত্রে খবর, অভিযান চালাকালীন তদন্তকারীদের লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করেন প্রজাপতি। পালটা জবাব দেয় বাহিনীও। তাতেই আহত হন অভিযুক্ত। এরপরই তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশের দাবি, জেরায় নিজের দেষ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। কিন্তু কী কারণে তিনি শিশুটিকে খুন করলেন, সেটা এখনও জানা যায়নি।
