সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মোগলসরাই স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতায় রাজ্যসভায় একযোগে বিক্ষোভ দেখাল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি বা বিএসপি। তাদের অভিযোগ, দেশের মানচিত্রটাই বদলে দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার।
[স্বাধীনতার পর প্রথম, কংগ্রেসকে এই জায়গায় টপকে গেল বিজেপি]
কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পরই, বিভিন্ন শহর, রেলস্টেশনের নাম বদল করার হিড়িক পড়ে গিয়েছে। যা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। মোদি সরকারের বিরুদ্ধে গৈরিকীকরণের অভিযোগ তুলেছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে উত্তরপ্রদেশের মোগলসরাই স্টেশনের নাম পালটে জনসংঘের নেতা দীনদয়াল উপাধ্যায়ের নামে করার প্রস্তাব দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। সম্প্রতি সেই প্রস্তাব অনুমোদনও করে দিয়েছে কেন্দ্র। শুক্রবার এই ইস্যুতে রাজ্যসভায় কেন্দ্রের বিরুদ্ধে একযোগে সরব হলেন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি বা বিএসপি সাংসদরা। সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল বলেন, উত্তরপ্রদেশের ভৌগলিক চরিত্র জোর করে পালটে দিতে চাইছে সরকার। শতাব্দী প্রাচীন মোগলসরাই স্টেশনের ঐতিহাসিক গুরুত্ব আছে। এই সরকার তো পারলে নয়াদিল্লির নামও পালটে দেবে। পাশাপাশি, দেশের স্বাধীনতা সংগ্রামে যাঁদের কোনও অবদান নেই, তাঁদের নামে দেশের সৌধ, রাস্তার নামকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল। এরপরই রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভে দেখাতে শুরু করেন সমাজবাদী পার্টির অন্য সাংসদরাও। বিক্ষোভে শামিল হন বিএসপি সাংসদরা। তাহলে দেশের নামও বদল করে দেওয়া হোক বলে চিৎকার করতে থাকেন তাঁরা। বিরোধীদের পালটা জবাব দেন সংসদীয় বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি বলেন, বিরোধীরা চাইছে, দীনদয়াল উপাধ্যায়ের নামে নয়, বরং দেশে মোঘলদের নামেই স্টেশন থাকুক। এই দৃষ্টিভঙ্গি সঠিক নয়। এটা দীনদয়াল উপাধ্যায়ের অপমান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে একসময় রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দিতে বাধ্য হন ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়ন।
[দেশের খবর জানতে চিনের কাছে যাচ্ছেন রাহুল, কটাক্ষ সুষমার]
প্রসঙ্গত, ১৮৬২ সালে হাওড়া থেকে দিল্লি পর্যন্ত রেলপথ তৈরি করে ব্রিটিশরা। সেইসময় উত্তরপ্রদেশের এই মোগলসরাই স্টেশনটি তৈরি করা হয়।
[জানেন, আগামী ৭ই আগস্ট কি দেখতে পাবেন আকাশে?]
The post মোগলসরাই স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব, রাজ্যসভায় বিক্ষোভ বিরোধীদের appeared first on Sangbad Pratidin.
