shono
Advertisement
Commercial LPG prices

বেড়েই চলেছে জ্বালানি জ্বালা! ফের একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম কত দাঁড়াল?
Published By: Subhajit MandalPosted: 10:55 PM May 31, 2026Updated: 10:55 PM May 31, 2026

পাঁচ রাজ্যের ভোট মেটার পর বেড়েই চলেছে জ্বালানি জ্বালা। নতুন মাসের শুরুতে ফের বাড়তে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম। এবার সিলিন্ডার প্রতি আরও ৫৩ টাকা ৫০ পয়সা দাম বাড়ল। মে মাসের শুরুতেই একধাক্কায় প্রায় হাজার টাকা করে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। জুনের শুরুতেও তা অব্যাহত।

Advertisement

মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াল ৩২৫৫ টাকা ৫০ পয়সা। সোমবার থেকেই নয়া দাম কার্যকর হবে। তবে আমজনতার জন্য স্বস্তির খবর হল, এই আবহেও গেরস্থালির ১৪ কেজি সিলিন্ডারের গ্যাসের দামে হাত পড়েনি। পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, সাধারণ মানুষের উপর যাতে কোনওভাবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা হয়। আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপর এই দাম নির্ভর করে। কখনও বাড়ানো হয় আবার কখনও কমানো হয়। যদিও গত কয়েকমাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। তথ্য বলছে, বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ একধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। এমনকী ১ ফেব্রুয়ারিতেও আরও ৪৯ টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। মার্চের শুরুতে দাম বাড়ানো হয় ৩১ টাকা। এপ্রিল মাসে যুদ্ধের আবহে একধাক্কায় ২১৮ টাকা বাড়িয়ে দেওয়া হয়। গত মাসে সেটা একধাক্কায় বাড়ানো হয়েছিল ৯৯৩টাকা। এবার বাড়ল ৫৩ টাকা।

মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তরাঁ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা। আসলে বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তুল্যমূল্য বিচার করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ন্ত্রণ করে থাকে। এই মুহূর্তে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম অনেকটাই বেশি। যার প্রভাব এবার বাণিজ্যিক গ্যাসে পড়ল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement