তথাকথিত 'মৌলবাদী' দেশ বাংলাদেশেও মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সংখ্যালঘু হিন্দু সাংসদ। অথচ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের মন্ত্রিসভায় মুসলিম মন্ত্রীর সংখ্যা শূন্য! দেশে মুসলিমদের এই 'বঞ্চনা' নিয়ে এবার সরব কংগ্রেসের সংখ্যালঘু সাংসদ তারিক আনোয়ার। তাঁর প্রশ্ন, বাংলাদেশে যদি হিন্দু মন্ত্রী থাকতে পারেন, তাহলে ভারতে কেন একজনও মুসলিম মন্ত্রী থাকবেন না?
মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। নতুন মন্ত্রিসভায় রয়েছেন একজন হিন্দু সদস্য। নাম নিতাই রায়চৌধুরী। নিতাই একজন প্রবীণ বাংলাদেশী রাজনীতিবিদ এবং আইনজীবী। বাবা নিপুণ রায়চৌধুরীও ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা এবং আইনজীবী। নিতাই এর আগেও এরশাদ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তারেকের মন্ত্রিসভাতেও মন্ত্রিত্ব পেয়েছেন তিনি।
নিতাই বাংলাদেশের মন্ত্রী হতেই সোশাল মিডিয়ায় মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তারিক আনোয়ার। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "বাংলাদেশ যদি সংখ্যালঘু হিন্দু নেতাকে মন্ত্রিসভায় জায়গা দিতে পারে, তাহলে ভারতে কেন কোনও মুসলিম মন্ত্রী থাকবে না? এটা কেমন সবকা সাথ নরেন্দ্র মোদিজি?"
বস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর সবকা সাথ, সবকা বিকাশের কথা বললেও কার্যক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ নতুন নয়। বর্তমানে ৭১ সদস্য বিশিষ্ট মোদি মন্ত্রিসভায় হিন্দু মন্ত্রীর সংখ্যা ৬৮। ৩ জন সংখ্যালঘু মন্ত্রী আছেন বটে, কিন্তু মুসলিম সংখ্যা শূন্য। ৩ জনের মধ্যে শিখ দু'জন, একজন খ্রিস্টান। আর শুধু মন্ত্রিসভা কেন? প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও মুসলিমদের গুরুত্ব দেয় না বিজেপি। গত দুই লোকসভা নির্বাচনে একজনও মুসলিম নেতাকে প্রার্থী করেনি গেরুয়া শিবির। সেটা নিয়েই প্রশ্ন কংগ্রেস নেতার।
