shono
Advertisement

Breaking News

Ram Madhav

মার্কিন চাপে মাথা নোয়ানোর 'স্বীকারোক্তি' আরএসএস নেতার! কংগ্রেসের নতুন স্লোগান, 'রাষ্ট্রীয় সারেন্ডার সংঘ'

মাধবের বক্তব্য সামনে আসতেই কংগ্রেস আসরে নামে। ওই মন্তব্যের ভিডিও শেয়ার করে কংগ্রেস দাবি করে, প্রধানমন্ত্রী মোদি যে ওয়াশিংটনের কথায় চলছেন, এটা তার স্পষ্ট স্বীকারোক্তি।
Published By: Subhajit MandalPosted: 10:57 AM Apr 27, 2026Updated: 10:57 AM Apr 27, 2026

ভারত সত্যিই মার্কিন চাপে মাথা নুইয়েছে। নিজেদের 'স্বাধীন' অবস্থান থেকে সরে দাঁড়িয়ে আমেরিকার ইচ্ছাতেই তেল কিনতে হচ্ছে ভারতকে! দিন কয়েক আগে আমেরিকায় গিয়ে এমনই এক স্বীকারোক্তি করেছিলেন আরএসএস প্রচারক তথা বিজেপি নেতা রাম মাধব। সংঘ নেতার ওই মন্তব্যকে হাতিয়ার করেই এবার প্রচার কৌশল সাজাচ্ছে কংগ্রেস। রাম মাধবের মন্তব্যকে হাতিয়ার করে সোস্যাল মিডিয়ায় বিজেপি-আরএসএসকে খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী।

Advertisement

কিছুদিন আগে ওয়াশিংটন ডিসির হাডসন ইনস্টিটিউটে মার্কিন চাপে ভারতের ইরান, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রাখতে সম্মত হওয়ার কথা স্বীকার করেছেন মাধব। এক আলোচনাসভায় সংঘের প্রথম সারির নেতা বলেন, "আমেরিকার কথায় ইরান থেকে তেল কেনা বন্ধে সম্মত হয়েছে ভারত। আমাদের বিরোধীদের এত সমালোচনা, আক্রমণের মুখেও রাশিয়া থেকেও তেল কেনা বন্ধ রাখতে রাজি হই আমরা। খুব বেশি আপত্তি না তুলে ৫০ শতাংশ শুল্কও মেনে নিয়েছে ভারত। তাহলে আমেরিকার সঙ্গে চলায় ভারতের উদ্যোগে ঘাটতি কোথায়?

মাধবের বক্তব্য সামনে আসতেই কংগ্রেস আসরে নামে। ওই মন্তব্যের ভিডিও শেয়ার করে কংগ্রেস দাবি করে, প্রধানমন্ত্রী মোদি যে ওয়াশিংটনের কথায় চলছেন, এটা তার স্পষ্ট স্বীকারোক্তি। তিনি ভারতের কৌশলগত স্বাধীনতা ওয়াশিংটনের কাছে বিসর্জন দিয়েছেন। খোদ রাহুল গান্ধী এক্স পোস্টে আরএসএসকে কটাক্ষ করে বার্তা দেন, 'রাষ্ট্রীয় সারেন্ডার সঙ্ঘ। নাগপুরের ভুয়ো জাতীয়তাবাদ। আমেরিকার কাছে নির্ভেজাল নতজানু হওয়া। রাম মাধব সংঘের আসল চরিত্র তুলে ধরেছেন। বিজেপি, সংঘের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিকিয়ে দেওয়ার অভিযোগ তুলে রাহুল বলেন, ভারতের ৪০ শতাংশ তেল আমদানিকে বড় বিপদের মুখে ফেলেছে এটা। জ্বালানি সুরক্ষা সুনিশ্চিত করতে কড়া কূটনৈতিক জবাব দেওয়ার প্রয়োজনের কথা বলেন রাহুল।' এদিকে নিজের মন্তব্য বিতর্কের ঝড় ওঠায় এক্স পোস্টে মাধব সাফাই দেন, 'ভুল বলেছিলাম। ভারত কখনই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে রাজি হয়নি।'

কিন্তু রাম মাধবের সাফাইয়ে কোনওভাবেই চিড়ে ভিজছে না। রাহুলের পাশাপাশি অন্যান্য কংগ্রেস নেতারাও রাম মাধবের বক্তব্য সোশাল মিডিয়ায় শেয়ার করছেন। শোনা যাচ্ছে, আগামী দিনে রাম মাধবের ওই মন্তব্য হাতিয়ার করে দেশজুড়ে প্রচারে নামবে হাত শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement