shono
Advertisement

ফিরছে ভয়াবহ পরিস্থিতি! দেশে একদিনে করোনার কবলে ৯৩ হাজার

পজিটিভিটি রেট ৪.১১ শতাংশ থেকে বেড়ে হল ৪.৪৮ শতাংশ।
Posted: 10:08 AM Apr 04, 2021Updated: 10:08 AM Apr 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরে ফিরছে সেই বিভীষিকাময় দিনগুলি! গত বছর এই সময় সবে ভারতে প্রভাব বাড়াতে শুরু করেছিল করোনা। আর এখন এই মারণ ভাইরাস একেবারে সপাটে খেলছে। দেশের করোনা গ্রাফ যে গতিতে উপরের দিকে উঠছে, তাতে দৈনিক আক্রান্ত পুনরায় লক্ষাধিক হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন ৯৩ হাজারের বেশি মানুষ। এর বেশিরভাগটাই যে মহারাষ্ট্রের সেটা বলাই বাহুল্য। তবে মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি এবং হরিয়ানার মতো রাজ্যগুলিও রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে।

Advertisement

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৩ হাজার ২৪৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১৩ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেক বেশি। তাৎপর্যপূর্ণভাবে দেশের পজিটিভিটি রেট গত কয়েকদিনে ৪.১১ শতাংশ থেকে বেড়ে ৪.৪৮ শতাংশ হয়ে গিয়েছে। যা আরও চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের।

[আরও পড়ুন: লক্ষ্য জয়ের ব্যবধান বাড়ানো, প্রধানমন্ত্রী মোদিকে প্রচারে ডাকছেন বিরোধী প্রার্থীরাও!]

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬০ হাজার ৪৮ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেক অনেক কম। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ৬ লক্ষ ৯১ হাজার ৫৯৭ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ২৯ হাজার ২৮৯ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ৭ কোটি ৫৯ লক্ষ ৭৯ হাজার ৬৫১ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement