সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবর মাসে প্রায় ৩০ শতাংশ কমল দেশের করোনা সংক্রমণ। গতমাসে দেশে মোট করোনার কবলে পড়েছেন ১৮.৩ লক্ষ মানুষ। যা কিনা সেপ্টেম্বর মাসের তুলনায় (২৬.২ লক্ষ) প্রায় ৩০ শতাংশ কম। মার্চ মাসের পর এই প্রথম কোনও মাসে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা এতটা কমল। শুধু আক্রান্ত নয়, গতমাসে মৃতের সংখ্যাটাও কমেছে প্রায় ২৯ শতাংশ। নভেম্বরের প্রথম দিনও আক্রান্ত এবং মৃতের সংখ্যাটা কমের দিকেই।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ৯৬৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ লক্ষ ৮৪ হাজার ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও সামান্য কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৭০ জনের। গত কয়েক দিনের মধ্যে এই সংখ্যাটা সর্বনিম্ন। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২২ হাজার ১১১ জন।
[আরও পড়ুন: ‘বিনামূল্যে ভ্যাকসিনের প্রতিশ্রুতি নির্বাচনী বিধি ভঙ্গ করে না’, বিজেপিকে ক্লিনচিট কমিশনের]
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৫৯ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় খানিকটা হলেও বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৪ লক্ষ ৯১ হাজার ৫১৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭০ হাজার ৪৫৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের আশা খুব শীঘ্রই দেশের অ্যাক্টিভ কেস ৫ লক্ষের নিচে নেমে আসবে।
