shono
Advertisement
Student Protest

ছাত্র আন্দোলনে 'ভুয়ো খবরে'র রমরমা, ৪৮০ পাক সোশাল মিডিয়া হ্যান্ডল বাতিল! বড় হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুলিশ জানাচ্ছে, এদের একমাত্র উদ্দেশ্য হল মানুষকে উসকে দেওয়া।
Published By: Biswadip DeyPosted: 07:49 PM Jul 24, 2026Updated: 08:03 PM Jul 24, 2026

দেশের পড়ুয়াদের ক্ষোভকে কাজে লাগাচ্ছে বিদেশি শক্তিগুলি। এমন একটা গুঞ্জন কিন্তু আন্দোলন শুরুর সময় থেকেই শোনা যাচ্ছে। সম্প্রতি দিল্লি পুলিশের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে 'ভুয়ো খবর' নিয়ে। বলা হয়েছে প্রায় ৪৮০ পাক সোশাল মিডিয়া হ্যান্ডল বাতিল করা হয়েছে। যা থেকে প্রমাণিত, যে গুঞ্জন শোনা গিয়েছিল তা স্রেফ গুঞ্জন। চক্রান্তের দিকটি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

Advertisement

এক ভিডিও বার্তায় দিল্লি পুলিশ জানিয়েছে, সোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এবং এর নেপথ্যে পাকিস্তানের বহু অ্যাকাউন্টের সন্ধান সত্যিই মিলেছে। এক ভিডিওয় জানানো হয়েছে, ''আমরা লক্ষ করেছি যে, সোশাল মিডিয়ায় কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এখনও পর্যন্ত পাকিস্তানের এমন ৪০০টিরও বেশি সোশাল মিডিয়া অ্যাকাউন্টকে শনাক্ত করা হয়েছে। এরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভুয়ো তথ্য ও গুজব ছড়াচ্ছে। সেগুলিকে ব্লক করা হচ্ছে।'' কেবল তাই নয়, সেই সঙ্গেই এটাও বলা হয়েছে, অপারেশন সিঁদুরের সময়ে ওই অ্যাকাউন্টগুলি ব্যবহৃত হয়েছিল ভুয়ো খবর ছড়ানোর জন্য। পুলিশ জানাচ্ছে, এদের একমাত্র উদ্দেশ্য হল মানুষকে উসকে দেওয়া। বিশেষ করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা। এরপরই সকলকে সতর্ক করে বলা হয়েছে, যেন কোনও শিক্ষার্থীই এমন ভুয়ো পোস্ট, সম্পাদিত ভিডিও কিংবা বেনামি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কনটেন্ট থেকে প্রভাবিত না হন।

এমনিতেই দিল্লিতে আন্দোলনের নামে ভাঙচুর, পুলিশের উপর হামলার যে ঘটনাগুলি ঘটেছে, তাতে কড়া অবস্থান নিয়েছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ছাত্রদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করা হলেও যারা হিংসায় উসকানি দিয়েছে, বা যারা সরাসরি হিংসার সঙ্গে যুক্ত তাঁদের কোনওভাবেই রেয়াত করা হবে না। প্রশ্ন উঠছে, যে দাবি থেকে আন্দোলন শুরু হয়েছিল, সেই ফোকাস কি সরে যাচ্ছে না? পাশাপাশি বাংলাদেশের কায়দায় ছাত্র আন্দোলন ‘হাইজ্যাক’-এর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে দিল্লি পুলিশের এই হুঁশিয়ারি ঘিরে সেই আশঙ্কার পারদই যেন আরও চড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement