সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর নোট বাতিলের সিদ্ধান্তের পর কেটে গিয়েছে ১০ মাস। পুরনো বাতিল ৫০০-১০০০ টাকার নোটের বদলে বাজারে এসেছে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেছিলেন, নোট বাতিলের কারণেই দেশের ভিতর শক্তি হারিয়েছে মাওবাদীরা। জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের প্রভাবও কমে এসেছে। কিন্তু জেটলির এই বক্তব্যকেই এবার নিশানা করল কংগ্রেসের। তাদের দাবি, জেটলি যা বলেছেন তা পুরোটা সত্যি নয়। সঠিক তথ্যপ্রমাণ না ছাড়া এধরনের মন্তব্য করা তাঁর উচিত হয়নি।
[বাড়িতে শৌচালয় না থাকলে এবার মিলবে না বিদ্যুৎ!]
অর্থমন্ত্রীর উচিত তাঁর বক্তব্যের সমর্থনে উপযুক্ত তথ্যপ্রমাণ সর্বসমক্ষে পেশ করা। সোমবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা পি সি চাকো এমনটাই জানান। তিনি বলেন, ‘দেশের অর্থমন্ত্রী ভিত্তিহীনভাবে এই ধরনের অনুমান করে চলেছেন। উনি যা দাবি করেছেন, যেগুলির কোনওটাই হয়নি। তাই শুধু বিবৃতি দিলেই হবে না। জনসাধারণ জেটলির মুখ দেখে কখনই সেটা বিশ্বাস করবে না।’ এরপরই তিনি উপযুক্ত তথ্যপ্রমাণ জমা দেওয়ার কথা বলেন।
[জানেন, গত ৫ বছরে কতজন ভারতীয় পাকিস্তানের নাগরিক হয়েছেন?]
রবিবারই মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছিলেন, নোট বাতিলের সিদ্ধান্তের পর দেশের বিভিন্ন অংশে মাওবাদীদের শক্তি হ্রাস পেয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীরে জঙ্গিরাও অর্থ সঙ্কটে পড়েছে। শুধু তাই নয়, কাশ্মীরে কাশ্মীরে বিক্ষোভকারীদের সংখ্যাও দিন দিন হ্রাস পেয়েছে। ‘নোট বাতিলের কারণে জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা এবং ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে থাকা অর্থ কমে এসেছে।’ বলেন জেটলি। এর পাশাপাশি তিনি আরও জানান, যে পরিমাণ টাকা অর্থনীতির বাইরে চলে গিয়েছিল, সেটা আবার ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে ফিরে এসেছে।
[মোদি, কোবিন্দের সুরক্ষায় দিল্লিতে বসছে মার্কিন ‘আমব্রেলা’]
The post নোট বাতিলের সুফল নিয়ে জেটলির বক্তব্য ভুল, দাবি কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.
