সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে নির্বাচনের পর রাস্তায় উদ্ধার ইভিএম। শুক্রবার কিষাণগঞ্জ বিধানসভা কেন্দ্রের শাহাবাদ এলাকার মুগাওলি গ্রামের কাছে ২৭ নম্বর হাইওয়েতে ইভিএম পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা৷ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ইভিএমটি উদ্ধার করে। সূত্রের খবর, গাফিলতির অভিযোগে আবদুল রফিক এবং নাভাল সিং পাটোয়ারি নামে দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
[ভুয়ো খবর, নির্বাচনে দাঁড়ানোর গুজব ওড়ালেন মাধুরী]
শুক্রবারই রাজস্থান, তেলেঙ্গানার ভোট ছিল৷ বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে মেটে ভোটগ্রহণ৷ নির্বাচনে সেভাবে অশান্তি না হওয়ার কথা স্বীকার করে নিয়েছিলেন রাজনৈতিক নেতাকর্মীরা৷ তবে রাজনৈতিক নেতৃত্ব ভোটে কারচুপির আশঙ্কা করেছিলেন৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আশঙ্কা প্রকাশ করেছিলেন, ভোটযন্ত্রে কারচুপি করে জেতার চেষ্টা করতে পারে বিজেপি। এমনকী, কারচুপি হওয়ার কথা ভেবে দলীয় কর্মীদের সতর্ক হওয়ার নির্দেশও দিয়েছিলেন তিনি৷ কংগ্রেস সভাপতি বলেছিলেন, অসৎ উপায়ে নির্বাচনে জয়ের চেষ্টা হলে প্রয়োজনে প্রতিবাদে সরব হতে হবে সকলকে৷
[বুলন্দশহর কাণ্ডে মধ্যরাতে গ্রেপ্তার অভিযুক্ত সেনা জওয়ান]
কংগ্রেস সভাপতির সেই আশঙ্কাই যেন সত্যি হল৷ মধ্যপ্রদেশে ভোটের দু’দিন পরে শুক্রবার ২৭ নম্বর হাইওয়েতে একটি নম্বর প্লেটহীন গাড়িতে ইভিএম উদ্ধার হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই ভোটযন্ত্রগুলো উদ্ধার করে৷ পুলিশের দাবি, ইভিএমটি ‘সিল’ করা ছিল। তাই সেটি যে ভোটে ব্যবহৃত হয়েছে, তা স্পষ্ট। নির্বাচন কমিশনের এক কর্তা বলেছেন, ‘‘সম্ভবত ভুল করে রাস্তায় পড়ে গিয়েছে ওই ইভিএমগুলি।’’ এই ঘটনার সামনে আসার পর থেকেই সুর চড়াতে শুরু করেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা৷ ঘটনার দায় গিয়ে পড়েছে ইভিএমের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের উপরেই৷ পরিস্থিতি সামাল দিতে আবদুল রফিক এবং নাভাল সিং পাটোয়ারি নামে দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে৷ ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানায় পুলিশ৷
[পাঁচ রাজ্যের নির্বাচন শেষ, বুথফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস-বিজেপি]
এছাড়াও, মধ্যপ্রদেশের এক হোটেলে ইভিএম-সহ এক বিজেপি নেতাকে ধরে ফেলেন ভোটকর্মী৷ ছত্তিশগড়ে স্ট্রংরুমে ল্যাপটপ নিয়ে ঢুকে পড়ার অভিযোগেও দুজনকে আটক করা হয়েছে। রাজস্থান ভোটেও ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে। এদিকে আবার রাস্তায় ইভিএম উদ্ধারের ঘটনায় সরব বিরোধীরা।
The post নম্বর প্লেটবিহীন গাড়িতে উদ্ধার ইভিএম, সাসপেন্ড ২ পুলিশ আধিকারিক appeared first on Sangbad Pratidin.
