প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানের অনলাইন টিকিট নিঃশেষিত একঘণ্টায়। ওয়েট লিস্টে রয়েছেন আরও ৪২ হাজার। ভদোদরা মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি প্যাভিলিয়নে আয়োজিত হতে চলা ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠান ঘিরে উদ্দীপনা কতটা তা এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে সাধারণ নাগরিক, শিক্ষার্থী, পেশাজীবী, শিক্ষাবিদ, উদ্যোক্তা, শিল্পজগতের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা একত্রিত হবেন।
আগামিকাল, ৮ সেপ্টেম্বর ওই অনুষ্ঠান হওয়ার কথা। ভদোদরা পুরসভার তরফে 'বুকমাইশো'-এর মতো বেসরকারি টিকেটিং প্ল্যাটফর্মকে কাজে লাগানো হয়। এর মাধ্যমে টিকি বিক্রি শুরু হতেই যেন ম্যাজিক! একঘণ্টার মধ্যেই সব টিকিট নিঃশেষ হয়ে গেল। উল্লেখ্য, বিনামূল্যেই নাম নথিভুক্ত করা হচ্ছে। জনতার অংশগ্রহণের এই অভিনব প্রকল্প ঘিরে ওয়াকিবহাল মহলে চর্চা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্যেই এই জনসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবারই তিনি মহারাষ্ট্র সফরও করবেন। মঙ্গলবার দুপুরের দিকে ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে অন্যতম হল ‘ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোর’-এর ৩২৬ কিলোমিটার দীর্ঘ তিনটি অংশের আনুষ্ঠানিক উদ্বোধন। যার ফলে সমগ্র ফ্রেইট করিডোর নেটওয়ার্ক চালু হয়ে যাবে। ২০,৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই অংশগুলি উত্তর ভারতের সঙ্গে মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দরের (জেএনপিটি) সরাসরি রেল যোগাযোগ স্থাপন করবে। এর ফলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহণ দ্রুততর হবে, লজিস্টিকস বা পণ্য পরিবহণ সংক্রান্ত খরচ কমবে এবং বিদ্যমান রেলপথে চলাচলের চাপ হ্রাস পাবে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নিউ সানন্দ, নিউ মকরপুরা, নিউ উম্বরগাঁও এবং নিউ জেএনপিটি থেকে পণ্যবাহী ট্রেন পরিষেবার সূচনা করবেন এবং সেই সঙ্গে ভদোদরা ও টান্ডা রোডের মধ্যে সংযোগকারী একটি নতুন যাত্রীবাহী ট্রেনেরও যাত্রার সূচনা করবেন তিনি।
