যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের 'গাটার জেনারেশন' বা 'নর্দমার প্রজন্ম' বলে কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। যা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই এবার ১৮০ ডিগ্রি ঘুরে যুব-বন্দনা শোনা গেল সাংসদের গলায়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার কঙ্গনা বললেন, 'জেন জি আমাদের শক্তি।'
গত বৃহস্পতিবার মুম্বইতে ছাত্রছাত্রীদের মুখোমুখি হয়ে জেন জির প্রশংসা করেন মোহন ভাগবত। শুক্রবার সংসদের বাইরে সংবাদমাধ্যমের তরফে কঙ্গনাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'জেন জি আমাদের দেশের শক্তি। সেই অর্থে বলতে গেলে এরা আমাদের ঐতিহ্যের ধারক। এদের সম্পর্কে মোহন ভাগবতজির অভিজ্ঞতার কথা শুনেছি। আমি বলব, জেন জি আমাদের দেশের শক্তি এবং সম্পদ। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের যুবসমাজ দ্রুত আমাদের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে আবির্ভূত হচ্ছে।'
কঙ্গনা রানাউত বলেন, 'জেন জি আমাদের দেশের শক্তি এবং সম্পদ। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের যুবসমাজ দ্রুত আমাদের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে আবির্ভূত হচ্ছে।'
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মুম্বইতে ছাত্রছাত্রীদের মুখোমুখি হয়ে মোহন ভাগবত বলেছিলেন, “জেন জি দের আন্দোলন দেশবিরোধী নয়। শিক্ষাব্যবস্থার পরিকাঠামো এমন হওয়া উচিত, যাতে কেউ বঞ্চিত না হন। শিক্ষার পরবর্তী প্রজন্মের অগ্রগতির জন্য। দেশের ভিত মজবুত করতে শিক্ষা জরুরি। সমাজের সঙ্গে শিক্ষার অগ্রগতি প্রয়োজন। সমাজ ব্যবস্থার উন্নতিতে জেন জি-র অবদান অপরিসীম। জেন জি-র ক্ষোভ যুক্তি সঙ্গত। ওদের সঙ্গে বিবাদ নয়, আলোচনা দরকার। উপেক্ষা না করে কথা বলতে হবে। উদ্বেগের কারণ আছে বলেই হয়তো আন্দোলন।”
তবে মোহন ভাগবত এই মন্তব্য করলেও কিছুদিন আগে জেন জিদের নিয়ে তীব্র আপত্তিকর মন্তব্য শোনা গিয়েছিল কঙ্গনার গলায়। জেন জি 'গাটার জেনারেশন' (যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় নর্দমার প্রজন্ম) বলে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা মুষ্টিমেয় কিছু লোক গোটা 'জেন জি' প্রজন্মের প্রতিনিধিত্ব করে না। কঙ্গনার মন্তব্য সামনে আসতেই ককরোচ জনতা পার্টির তরফে পালটা আক্রমণ শানানো হয়। সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস বলেন, 'ওঁর নিজের দলই ওঁকে গুরুত্ব দেয় না।'
