shono
Advertisement
Congress

এবার ভাঙছে কংগ্রেস! '১০০ কোটির খেলা'য় নতুন রাজনৈতিক দলের জন্ম দেশে

তৃণমূল, শিব সেনায় ভাঙন ইতিমধ্যেই সম্পন্ন। শোনা যাচ্ছে, এনসিপি শরদ পওয়ার এবং সমাজবাদী পার্টি লাইনে। এরই মধ্যে জাতীয় রাজনীতিতে রীতিমতো বিস্ফোরণ।
Published By: Subhajit MandalPosted: 05:14 PM Jul 07, 2026Updated: 06:32 PM Jul 07, 2026

তৃণমূল, শিব সেনায় ভাঙন ইতিমধ্যেই সম্পন্ন। শোনা যাচ্ছে, এনসিপি শরদ পওয়ার এবং সমাজবাদী পার্টি লাইনে। এরই মধ্যে জাতীয় রাজনীতিতে রীতিমতো বিস্ফোরণ। এবার কি ভাঙছে কংগ্রেসও (Congress)। দেশে জন্ম নিচ্ছে নতুন রাজনৈতিক দলের! অন্তত জল্পনা তেমনটাই।

Advertisement

আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুরের পাশাপাশি গোয়াতেও নির্বাচন। তার আগে গোয়ার রাজনীতিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলি রীতিমতো চমকপ্রদ। ওই পুঁচকে রাজ্যটিতে ‘গোয়া কংগ্রেস পার্টি’ নামের এক নতুন দলের জন্ম হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নাম নথিভুক্তিকরণের আবেদনও জানিয়েছে তারা।ইতিমধ্যেই কমিশনের নিয়ম মেনে নতুন রাজনৈতিক দলটি ইতিমধ্যেই স্থানীয় সংবাদমাধ্যমে নিজেদের আত্মপ্রকাশের খবর বিজ্ঞাপন আকারে প্রকাশ করেছে। ওই বিজ্ঞাপনেই বলা হয়, নাম নথিভুক্তিকরণের জন্য ইতিমধ্যেই কমিশনের কাছে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।

ঠিক ভোটের কয়েক মাস আগে কংগ্রেসের নামেই নতুন দল গোয়ায়। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে কংগ্রেস। শোনা যাচ্ছে, ওই গোয়া কংগ্রেস পার্টির নেপথ্যে কংগ্রেসের বিদ্রোহীদেরই একাংশের হাত রয়েছে। আসলে কিছুদিন আগেই গোয়ায় কংগ্রেসের প্রদেশ সভাপতি হিসাবে নাম ঘোষণা হয়েছে গিরিশ চডঙ্করের। এই গিরিশ অতীতে কংগ্রেস সভাপতি ছিলেন। তাঁর অধীনেই ২০২২ সালে কংগ্রেসের অন্দরে বিরাট ভাঙন ধরে। সেসময় দলের হাল সামলান অমিত পাটকর। কিন্তু ভোটের কয়েকমাস আগে সেই গিরিশকেই দলের মাথা হিসাবে বসিয়ে দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। তাতেই ক্ষুব্ধ অমিত পাটকর এবং তাঁর অনুগামীরা। শোনা যাচ্ছে, নতুন গোয়া কংগ্রেস পার্টির আত্মপ্রকাশের নেপথ্যে ওই অমিত পাটকরের হাত রয়েছে।

কংগ্রেস সরকারিভাবে নতুন দলের বিষয়টিকে গুরুত্ব না দিলেও তোপ দাগছে বিজেপিকে। গিরিশ চডঙ্কর নিজে সোশাল মিডিয়ায় বলছেন, "এই তথাকথিত নতুন কংগ্রেস পার্টি আসলে নামসর্বস্ব। বাস্তবের মাটিতে কোনও অস্তিত্ব নেই। ভোটের আগে ভয় পেয়ে কংগ্রেসের ভোট কাটতে বিজেপি এই দল তৈরি করাচ্ছে। এর নেপথ্যে ১০০ কোটি টাকার খেলা চলছে।" গোয়া প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, "যখনই বিজেপি দেখে মানুষ ওদের উপর ক্ষেপে যাচ্ছে, তখনই টাকার খেলাটা খেলে। এতে কোনও লাভ হবে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement