সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরে সরকারি হাসপাতালে অক্সিজনের অভাবে মৃত্যু হয়েছে ৩০ জন শিশুর। প্রবল সমালোচনার মুখে পড়েছে যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরাও। এই প্রেক্ষাপটেই এবার গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় খোদ উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংয়ের বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন মৃত এক শিশুর বাবা। বাদ যাননি যোগীর রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা মন্ত্রী আশুতোষ টন্ডন ও প্রধান সচিব(স্বাস্থ্য)প্রশান্ত ত্রিবেদীও। তবে অভিযোগ দায়ের হলেও, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করেনি পুলিশ।
[স্বাধীনতা দিবস উপলক্ষে এই শহর যা করে দেখাল, জানলে আপনি গর্বিত হবেন!]
রাজভর নামে ওই ব্যক্তির বাড়ি বিহারের গোপালগঞ্জে। গত ১০ আগস্ট নিজের শিশুসন্তানকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে ভর্তি করেছিলেন তিনি। রাজভরের অভিযোগ, হাসপাতালে অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে তাঁর শিশুসন্তানের। এই ঘটনার জন্য উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং, স্বাস্থ্য-শিক্ষামন্ত্রী আশুতোষ টন্ডন ও প্রধান সচিব(স্বাস্থ্য) প্রশান্ত ত্রিবেদীকে দায়ী করেছেন করেছেন তিনি। এমনকী, তাঁর শিশুসন্তানের মৃতদেহের ময়নাতদন্তও হয়নি বলে অভিযোগ করেছেন রাজভর। গত ১৪ আগস্ট উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য-শিক্ষামন্ত্রী ও প্রধান সচিব(স্বাস্থ্য)-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি পুলিশ।
গত ১১ অগাস্ট গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, যে সংস্থা হাসপাতালে অক্সিজেন সরবরাহ করত, প্রায় ৬৬ লক্ষ টাকা বকেয়া থাকায় অক্সিজেন পাঠাতে অস্বীকার করে তারা। তার জেরেই হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জন শিশুর মৃত্যু হয়। যদিও সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনার দায় নিতে নারাজ উত্তরপ্রদেশ সরকার। গোরক্ষপুরে বিআরডি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে, অক্সিজেনের অভাবে শিশুমৃত্যর অভিযোগ মানতে চাননি স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং। ঘটনায় ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সরিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের সুপারকেও।
[জাতীয় সংগীত থেকে ‘সিন্ধ’ শব্দ সরানো হোক, দাবি মৌলবিদের]
The post গোরক্ষপুরে শিশুমৃত্যুতে সিদ্ধার্থনাথ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের appeared first on Sangbad Pratidin.
