shono
Advertisement
Jammu and Kashmir

প্রশিক্ষণ চলাকালীন পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে ভয়ংকর বিস্ফোরণ, গুরুতর আহত ২ জওয়ান

আহত দুই জওয়ান হলেন, বিহার ব্যাটালিয়নের ল্যান্স নায়েক রবীন্দ্র ভেরা এবং অগ্নিবীর শক্তি প্রসাদ। উন্নত চিকিৎসার জন্য তাঁদের এয়ারলিফট করে উধমপুরের নর্দার্ন কমান্ড হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
Published By: Amit Kumar DasPosted: 05:32 PM Jun 12, 2026Updated: 05:32 PM Jun 12, 2026

প্রশিক্ষণ চলাকালীন ভয়ংকর দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়। নিয়ন্ত্রণরেখার কাছে ভয়ংকর বিস্ফোরণে গুরুতর আহত হলেন দুই সেনা জওয়ান। জানা যাচ্ছে, 'দুর্ঘটনাবশত' গ্রেনেড বিস্ফোরণের জেরে আহত হয়েছেন ওই জওয়ানরা। দ্রুত তাঁদের উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে চলছিল সেনার প্রশিক্ষণ। সেখানেই দুপুর ১২.৩০ নাগাদ হঠাৎ জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন দুই জওয়ান। কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে, দুর্ঘটনাবশত কোনওভাবে এই ঘটনা ঘটে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন সেনাকর্তারা। এদিকে দুর্ঘটনার পর তড়িঘড়ি ওই দুই জওয়ানকে উদ্ধার করে ভারতীয় সেনার ৪২৫ আর্মি ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জওয়ানদের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। আহত দুই জওয়ান হলেন, বিহার ব্যাটালিয়নের ল্যান্স নায়েক রবীন্দ্র ভেরা এবং অগ্নিবীর শক্তি প্রসাদ। ওই দুই জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফট করে উধমপুরের নর্দার্ন কমান্ড হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বারামুলার উরি সেক্টরে একইরকম দুর্ঘটনার ঘটনা ঘটে। উরির কমলকোটের একটি ক্যাম্পে রুটিন আগ্নেয়াস্ত্র হস্তান্তরের সময় দুর্ঘটনাবশত একটি হ্যান্ড গ্রেনেডে বিস্ফোরণ হয়। ঘটনায় গুরুতর আহত হন দুই জওয়ান। তড়িঘড়ি আহত ওই জওয়ানদের ভারতীয় সেনার ৯২ বেস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁদের। জানা যায়, মৃত ওই দুই সেনা জওয়ান মহারাষ্ট্রের বাসিন্দা।

তার আগে গত সপ্তাহে শনিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গিদমন চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছিল এক সেনা জওয়ানের। শহিদ ওই জওয়ানের নাম লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। জানা যায়, পাহাড়ি সংকীর্ণ রাস্তায় অভিযানে একটি সেনাদলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। সেই সময় পা পিছলে পাশের ৩০ ফুট একটি গভীর খাদে পড়ে যান বীরেশ্বর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এবার পুঞ্চে দুর্ঘটনার জেরে আহত হলেন আরও দুই জওয়ান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement