ভোটের এক বছর আগেই পাঞ্জাবে ঘর গোছানো শুরু করল বিজেপি। এবার গেরুয়া শিবিরে নাম লেখালেন সুপ্রিম কোর্টের প্রথম সারির আইনজীবী তথা প্রাক্তন আপ নেতা এইচ এস ফুলকা (HS Phoolka)। বর্ষীয়ান ওই আইনজীবীর যোগদানে পাঞ্জাবে বিজেপি অনেকটাই শক্তিশালী হল বলে দাবি গেরুয়া শিবিরের।
এইচ এস ফুলকা দেশের একেবারে শীর্ষস্তরের আইনজীবী। বছরের পর বছর ধরে তিনি চুরাশির শিখদাঙ্গায় আক্রান্তদের হয়ে মামলা লড়েছেন। অনেক নিপীড়িতকে সুবিচার পাইয়েও দিয়েছেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে কার্যত শিখনিধন যজ্ঞ চলেছিল দেশজুড়ে। স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সেই ঘটনায় মৃতের সংখ্যা ছিল ৩৩২৫ জন। বেসরকারি হিসাবে সংখ্যাটা অনেক অনেক বেশি। সেই দাঙ্গায় মৃতদের পরিবারের হয়ে শুধু মামলা লড়াই নয়, বিভিন্ন সামাজিক ফোরামেও তাঁদের হয়ে লড়াই করেছেন ফুলকা। সেজন্য অনেকে তাঁকে শিখ দাঙ্গায় নিপীড়িতদের মেসিহা-ও বলে থাকেন।
ফুলকার আর একটা পরিচয় তিনি প্রাক্তন আপ নেতা। একটা সময় অরবিন্দ কেজরিওয়ালের গুণমুগ্ধ ছিলেন। কিন্তু আপে তাঁর মোহভঙ্গ হয়েছে। বুধবার বিজেপি দপ্তরে হরদীপ সিং পুরীর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। বিজেপিতে যোগ দিয়ে ফুলকার বক্তব্য, "পাঞ্জাবে কৃষকদের অবস্থা খুবই সঙ্গিন। রাজ্যের ভূগর্ভস্থ জলের স্তরও অনেকটা নামে গিয়েছে। অথচ আপ সরকার এসব নিয়ে চিন্তিতই নয়।"
আসলে এ পর্যন্ত দেশের যে ক'টি রাজ্যে একবারও একার ক্ষমতায় বিজেপি কুরসি দখল করতে পারেনি, সেগুলির মধ্যে পাঞ্জাব একটা। রাজধানীর এত কাছের একটি রাজ্য অধরা থেকে গিয়েছে, সেটা বিজেপি নেতৃত্বের না পসন্দ। এবার সেই পাঞ্জাব দখলে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যে ইতিমধ্যে কংগ্রেসের একাধিক হেভিওয়েটকে যোগদান করানো হয়েছে। এবার বুদ্ধিজীবীদেরও দলে টানার চেষ্টা শুরু করল গেরুয়া শিবির।
