সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যের জীবন বাঁচানোর সময় নিজের প্রাণের কথা একবারও ভাবেননি। নিজের জীবনের মূল্যেই অন্যকে রক্ষা করে গেলেন জম্মু ও কাশ্মীর ক্যাডারের এক তরুণ আইএএস আধিকারিক।
ঘটনা দক্ষিণ দিল্লির বসন্ত বিহারের ফরেন ক্লাব ইনস্টিটিউটের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই পুলে পড়ে ডুবে যাচ্ছিলেন এক মহিলা আধিকারিক। তাঁকে চিৎকার করতে দেখে সাহায্যের জন্য এগিয়ে যান হরিয়ানার সোনিপতের আশিস দাহিয়া। মহিলাকে উদ্ধার করতে গিয়েই নিজে ডুবে যান তিনি। ফরেন সার্ভিসের প্রশিক্ষণ নিচ্ছিলেন আশিস। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেতে ইন্ডিয়ান ফরেন অ্যান্ড রেভিনিউ সার্ভিসের বন্ধুদের সঙ্গে ওই পুলের পাশেই পার্টি করছিলেন আশিসও। তখন অনেকেই পুলে নামার সিদ্ধান্তে নেন। মদ্যপ অবস্থাতেই পুলে সাঁতারে মেতেছিলেন তাঁরা। এক প্রত্যক্ষদর্শী জানান, সেই সময়ই এক মহিলা আধিকারিক পা পিছলে আচমকা পুলে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন বাকি আধিকারিকরা। যার মধ্যে ছিলেন আশিসও। মহিলাকে নিরাপদে পুল থেকে তুলে আনার হলেও আশিসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পরই তাঁর দেহ জলে ভেসে ওঠে। তাঁকে
জল থেকে তুলে এনে ম্যাডিক্যাল অফিসারকে খবর দেন বন্ধুরা। এক মুহূর্ত দেরি না করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে মধ্যরাত ১২.৫০ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[২৪ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ হয়ে গেল অভিজিতের টুইটার অ্যাকাউন্ট]
মৃত আইএসএস আধিকারিক আশিসের বাড়িতে খবর দেওয়া হলে তাঁর অভিভাবকরা দিল্লি পৌঁছে গিয়েছেন। ময়নাতদন্তের জন্য আশিসের মৃতদেহ এইমস-এ পাঠানো হয়েছে। মঙ্গলবার থেকে গোটা ঘটনার তদন্তে নেমেছেন সিনিয়র অফিসাররা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হচ্ছে প্রমাণ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ।
[মন্ত্রীর ‘বিয়ার বার’ উদ্বোধন নিয়ে তীব্র বিতর্ক, ব্যাখ্যা চাইলেন যোগী]
The post ডুবন্ত মহিলাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তরুণ আইএএস আধিকারিক appeared first on Sangbad Pratidin.
