shono
Advertisement
INDIA alliance

এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়ার, সই করল 'দলছুট' আপ-ডিএমকেও

৮ জুনের বৈঠকে প্রধান বিচারপতিকে চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হলেও জানা যাচ্ছে, দুই নেতার মানভঞ্জনের পর অবশেষে ২২ দিন পর আনুষ্ঠানিকভাবে বিরোধী জোটের চিঠি গেল প্রধান বিচারপতির কাছে।
Published By: Amit Kumar DasPosted: 01:11 PM Jun 30, 2026Updated: 01:22 PM Jun 30, 2026

বিশেষ নিবিড় সংশোধনী (SIR) এবং নির্বাচন সম্পর্কিত একাধিক বিষয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখল ইন্ডিয়া জোট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে উদ্দেশ্য করে লেখা এই চিঠিতে সই করেছে দেশের ২৩টি রাজনৈতিক দল ও একজন নির্দল সদস্য। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই ২৩টি দলের তালিকায় রয়েছে আম আদমি পার্টি ও ডিএমকে। সাম্প্রতিক সময়ে যারা ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে, তবে কী অভিমান পিছনে ফেলে ফের এক ছাতার তলায় আসছে বিরোধী শিবির।

Advertisement

গত ৮ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসআইআর ও দেশের নির্বাচন প্রক্রিয়া ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি দেবে ইন্ডিয়া। সেদিনের বৈঠকে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সপা-সহ মোট ২১টি দল উপস্থিত থাকলেও ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বৈঠক এড়ায় দুটি দল। তারা হল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ও এম কে স্ট্যালিনের ডিএমকে। কংগ্রেসের সঙ্গে আপের ঠোকাঠুকি অনেকদিন ধরেই ছিল। গত লোকসভা ভোটের পর পাকাপাকিভাবে তাদের সম্পর্কে দাঁড়ি পড়ে। এরপর তামিলনাড়ু নির্বাচন শেষে টিভিকের সঙ্গে কংগ্রেস জোট করায় হাত শিবিরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ডিএমকে। যার জেরে ইন্ডিয়া জোটের বৈঠক বয়কট করেছিল এই দুই দল।

গত লোকসভা ভোটের পর পাকাপাকিভাবে কংগ্রেস ও আপের সম্পর্কে দাঁড়ি পড়ে। এরপর তামিলনাড়ু নির্বাচন শেষে টিভিকের সঙ্গে কংগ্রেস জোট করায় হাত শিবিরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ডিএমকে।

সূত্রের খবর, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ না দিলেও দুই দলের মানভঞ্জনে উঠেপড়ে লাগেন জোটের নেতারা। ৮ জুনের বৈঠকে প্রধান বিচারপতিকে চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হলেও জানা যাচ্ছে, দুই নেতার মানভঞ্জনের পর অবশেষে ২২ দিন পর আনুষ্ঠানিকভাবে বিরোধী জোটের চিঠি গেল প্রধান বিচারপতির কাছে। মঙ্গলবার সোশাল মিডিয়ায় এই বিষয়ে একটি পোস্ট করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি লেখেন, '৮ জুন ইন্ডিয়া জোটের বৈঠকে, ২১টি রাজনৈতিক দল ও একজন নির্দল সদস্যের উপস্থিতিতে এসআইআর ও নির্বাচনী বিষয়ে প্রধান বিচারপতিকে চিঠি লেখার সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুযায়ী আজ ২৩টি রাজনৈতিক দল ও একজন নির্দল সদস্যের স্বাক্ষরিত চিঠি প্রধানবিচারপতিকে দেওয়া হয়েছে।'

কংগ্রেস নেতা জয়রাম রমেশের বার্তা সোশাল মিডিয়ায় রিপোস্ট করেছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি লেখেন, 'এই চিঠিতে আম আদমি পার্টি ও ডিএমকের স্বাক্ষর রয়েছে।' যার অর্থ, একের পর এক নির্বাচনে ধাক্কা খাওয়ার পর আভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ইন্ডিয়া জোট ফের এক ছাতার তলায় আসছে। চিঠিতে ২৩টি রাজনৈতিক দলের সই তারই স্পষ্ট ইঙ্গিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement