টিকিট ফাঁকি রুখতে বড় পদক্ষেপ রেলের। বিনা টিকিটে যাত্রা করলেই এবার থেকে গুণতে হবে দ্বিগুণ জরিমানা। নতুন নির্দেশিকা মোতাবেক ২৫০ টাকা থেকে বেড়ে জরিমানার অঙ্ক দাঁড়িয়েছে ৫০০ টাকায়। আজ থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। বিনা টিকিটে যাত্রা করলেই এবার থেকে গুণতে হবে দ্বিগুণ জরিমানা।
শনিবার জনবিশ্বাস বিধি ২০২৬ মোতাবেক একটি নোটিফিকেশন জারি করেছে রেল। বলা হয়েছে, বিনা টিকিটে যাত্রা করলেই এবার দ্বিগুণ জরিমানা। অবৈধ হকারদের জরিমানা ধার্য হয়েছে ২ হাজার টাকা। এমনকী ট্রেনে ভিক্ষা করলেও দিতে হবে ২ হাজার টাকা জরিমানা। অন্যের টিকিটে যাত্রা করলে ন্যূনতম ৫০০ ফাইন। থুতু ফেললে, মদ খেলে বা অযথা ঝামেলা পাকালে ১ হাজার টাকা জরিমানা। একই অপরাধ দ্বিতীয়বার করলে ৫ হাজার পর্যন্ত জরিমানা বা জেল। ট্রেনের ভিতর ধূমপান করলে ২ হাজার টাকা জরিমানা।
এছাড়াও মহিলা কামরায় উঠলেই এবার আড়াই হাজার টাকা জরিমানা করা হবে। পাশাপাশি ট্রেনে আপত্তিকর ও বিপজ্জনক সামগ্রী বহন করলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
মূলত ট্রেনে বিশৃঙ্খলা রুখতে ও যাত্রীরা যাতে আরও বেশি আরামদায়ক যাত্রা উপভোগ করতে পারেন সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেল। এর ফলে ট্রেনে অনিয়ম রোখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, মে মাসে সেন্ট্রাল রেলওয়ে জোন বিনা টিকিটে যাত্রা করায় ৪.৯৬ লক্ষ যাত্রীর কাছ থেকে ৪০.৮৫ কোটি টাকা আদায় করেছে।
রেলের তরফে জানানো হয়েছে, নতুন এই পদক্ষেপগুলোর মাধ্যমে রেল মন্ত্রক যাত্রীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও নাগরিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে তুলতে চাইছে। ট্রেনে নিয়ম মেনে যাতায়াত, স্টেশনে বিশৃঙ্খলা কমানো ও ট্রেনে যাতায়াতের অভিজ্ঞতাকে উন্নত করার জন্যই জরিমানা বাড়ানো হয়েছে। বৈধ টিকিট কেটে যাত্রা, ট্রেন ও স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রেল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার জন্য সকল যাত্রীদের কাছে আবেদন জানিয়েছে শিয়ালদহ ডিভিশন।
