shono
Advertisement
Vivek Aggarwal

বিশ্বমঞ্চে বিরাট সাফল্য, এফএটিএফের সহ-সভাপতি পদে ভারতীয় আমলা বিবেক আগরওয়াল

এফএটিএফ-এর সহ-সভাপতি পদে তাঁর নিযুক্ত হওয়ার ঘটনা কূটনৈতিকভাবে ভারতের জন্য এক বিরাট সাফল্য। বিশ্বজুড়ে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াই করা এফএটিএফ-এর শীর্ষ পদে প্রথমবার বসলেন কোনও ভারতীয়।
Published By: Amit Kumar DasPosted: 04:37 PM Jun 20, 2026Updated: 04:37 PM Jun 20, 2026

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ-এর সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন ভারতীয় আমলা বিবেক আগরওয়াল। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সচিব পদে ছিলেন এই আমলা। বলার অপেক্ষা রাখে না, এফএটিএফ-এর সহ-সভাপতি পদে তাঁর নিযুক্ত হওয়ার ঘটনা কূটনৈতিকভাবে ভারতের জন্য এক বিরাট সাফল্য। বিশ্বজুড়ে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াই করা এফএটিএফ-এর শীর্ষ পদে প্রথমবার বসলেন কোনও ভারতীয়।

Advertisement

শুক্রবার এফএটিএফ-এর প্যারিসের সদর দফতরে বৈঠকের শেষে ঘোষণা করা হয়, এই সংস্থার সহ-সভাপতি পদে নিযুক্ত হবেন ভারতীয় আমলা বিবেক আগরওয়াল। সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী জুলাই মাস থেকে গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্বভার গ্রহণ করবেন বিবেক। বর্তমানে এই পদে রয়েছেন ব্রিটেনের জাইলস থমসন। তাঁর মেয়াদ শেষের পর এই দায়িত্বে প্রথমবারের জন্য আসছেন কোনও ভারতীয়। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, বিবেক আগরওয়ালকে ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত এক বছরের মেয়াদের জন্য এফএটিএফ-এর পরবর্তী সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বিবেক আগরওয়ালকে ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত এক বছরের মেয়াদের জন্য এফএটিএফ-এর পরবর্তী সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াই করে এফএটিএফ। ভারত ২০১০ সাল থেকেই এই প্রভাবশালী বিশ্ব সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে কাজ করে আসছে। ১৬ বছর পর প্রথমবার সেই সংস্থার সহ-সভাপতি পদে কোনও ভারতীয় নিযুক্ত হওয়ার ঘটনা নিশ্চিতভাবেই বড় সাফল্য। জানা যাচ্ছে, এই সংস্থার সভাপতি বা প্রেসিডেন্টের মেয়াদ সাধারণত দুই বছরের জন্য হয় এবং সহ-সভাপতি মূলত সভাপতিকে তাঁর সমস্ত প্রশাসনিক ও নীতিগত দায়িত্ব পালনে সক্রিয়ভাবে সাহায্য করে থাকেন।

বিবেক আগরওয়ালের এই সাফল্যকে বড় জয় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এই পদে কোনও ভারতীয়র উঠে আসার ফলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সন্ত্রাসবাদে অর্থ যোগানের নেটওয়ার্কগুলিকে ধ্বংস করার ক্ষেত্রে ভারতের ধারাবাহিক লড়াই আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, এফএটিএফ-এর ভারতীয় প্রতিনিধি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিবেক। পাশাপাশি দেশের দেশের আর্থিক গোয়েন্দা শাখার প্রধান ছিলেন তিনি। তাঁর সেই অভিজ্ঞতা এখানে বিশেষ কাজে আসবে। আগামী দিনে বিশ্ব আর্থিক ব্যবস্থার সততা ও সুরক্ষা রক্ষার ক্ষেত্রে এই সংস্থাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement