Advertisement
হাওড়া ব্রিজে চোখধাঁধানো আলোর ছটা, রামধনু রঙে প্রিন্সেপ ঘাট! মেগা যোগ দিবসের কাউন্টডাউন শুরু
আলোকসজ্জায় মোহময়ী হয়ে উঠেছে তিলোত্তমার বিস্তীর্ণ অংশ, দেখে নিন আকর্ষণীয় ছবি।
২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয় প্রতিবছর। তবে ২০২৬ সালের এই দিনটিতে বিশেষ সেলিব্রেশন বঙ্গে। এবারই প্রথম পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। মে মাসে সরকার গঠনের পর জুন মাসের যোগ দিবসের মেগা ইভেন্টকে বড়সড় আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে। জমকালো আয়োজন করেছে রাজ্য সরকার। যোগ দিবস পালন করতে কলকাতায় এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় নতুন আলোর সাজে সেজে উঠেছে তিলোত্তমা। ছবি: সুমন দাস
প্রিন্সেপ ঘাট লাগোয়া মিলেনিয়াম পার্ক হয়ে কলকাতার অন্যতম নস্টালজিক হাওড়া ব্রিজ - আলোয় আলোয় যেন অন্য রূপ! কোথাও জাতীয় পতাকার ত্রিবর্ণ, কোথাও লাল-নীল আলোর খেলায় সে এক ভিন্ন ভুবন! বছরের বিশেষ বিশেষ সময় ছাড়া শহরজুড়ে এমন আলোর খেলা দেখাই যায় না। আন্তর্জাতিক যোগ দিবসে আগে কখনও কলকাতার এমন অপরূপ সজ্জা দেখেননি শহরবাসী। তাই শনিসন্ধ্যার এই ছবি চোখ ধাঁধিয়ে দিচ্ছে। ছবি: সুমন দাস
অবশ্য যোগ দিবসের প্রাক্কালে এমন 'সারপ্রাইজ' দেখা যাবে, সেই আভাস ছিলই। সরকারের ঘোষণা অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা থেক দু'ঘণ্টা এই আলোর খেলা চলে। মিলেনিয়াম পার্কে উপস্থিত হয়ে সেই নয়নাভিরাম দৃশ্যের সাক্ষী ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গার ঘাট থেকে আকাশচুম্বী আলোর মালা দেখে অভিভূত তিনি। ছবি: সুমন দাস
ঝুলন্ত হাওড়া ব্রিজ বরাবর শহর কলকাতার নস্টালজিয়া। স্বাধীনতা দিবসের মতো বিশেষ বিশেষ সময় তাকে ঘিরে জমকালো আলোকসজ্জা দেখাই যায়। কিন্তু যোগ দিবস উপলক্ষে হাওড়া ব্রিজের এই রূপ আগে কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না। সন্ধ্যা আকাশের নিচে নীলচে আলো গোটা ব্রিজ জুড়ে। এখানেই শেষ নয়। ব্রিজের একেকটি কোণা থেকে কতরকমের আলোকছটার প্রতিফলন, দেখে দেখে যেন আশ মেটে না। ছবি: সুমন দাস
শুধু কি তাই? প্রিন্সেপ ঘাটের নয়া সাজসজ্জায় ফুটে উঠেছে যোগ দিবসের গুরুত্ব। ছবি, লেখা, আঁকায় সু্স্থ ও সুন্দর জীবনের বার্তা। শহরের স্বাস্থ্যের পাশাপাশি শহরবাসীর স্বাস্থ্যের উন্নতিতেও জোর দিয়েছে নতুন সরকার। তাই তো ২১ জুন ভোর থেকে শুরু হওয়া যোগ দিবসের অনুষ্ঠানে সকলকে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ছবি: সুমন দাস
জলে, স্থলে এবার হবে যোগাভ্যাস। আর এখানেই চলতি বছরের যোগ দিবস হয়ে উঠবে অনন্য, গড়বে রেকর্ড। ঠিক হয়েছে, গঙ্গাবক্ষে ভাসমান নৌকাতেও এবার যোগ প্রদর্শন হবে। তাতে অংশ নিতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। জলে ভেসে নানা ভঙ্গিমায় যোগাসন মোটেই সহজ নয়। তা সহজ করে নিতে চলছে জোরকদমে মহড়া। শনিবার সি এক্সপ্লোরার ইনস্টিটিউশনের তত্ত্বাবধানে তা হয়ে গেল। ছবি: অপ্রতিম পাল
রবিবারের আসল অনুষ্ঠান হবে রেড রোডে। সেই উপলক্ষে শনিবার থেকে নতুন করে সেজে উঠেছে শহরের এই প্রাণকেন্দ্র। দিনভর এখানেও চলল যোগাসনের মহড়া। কেউ সার বেঁধে, কেউ বা একলাই অভ্যাস করলেন। নতুন সরকারের লক্ষ্য, ২০২৬ সালের ২১ জুন দিনটিতে বাংলার বুকে নতুন রেকর্ড গড়ার। যা দেখে বিশ্ববাসী যেন বলতে পারেন, এমনও আকর্ষণীয় হতে পারে যোগ দিবস! এ দৃশ্য যেন ভুলে না যান কেউ। ছবি: অমিত মৌলিক
Published By: Sucheta SenguptaPosted: 08:00 PM Jun 20, 2026Updated: 10:17 PM Jun 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
