সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজবুল কমান্ডার সবজার ভাটের হদিস দিয়েছিল সঙ্গীরাই। সূত্রের খবর, ওই খবরের ভিত্তিতেই সবজারের গোপন ডেরায় হানা দেয় সেনাবাহিনী। হানায় নিহত হয় বুরহান ওয়ানির উত্তরসূরী সবজার। কেন কমান্ডারের ঠিকানা ফাঁস করে দেয় তার সঙ্গীরাই? তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা জানতে পারেন যে পাক মদতপুষ্ট জঙ্গিসংগঠনটির মধ্যে চলছে ভয়ানক গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে রয়েছে সবজারের সমর্থকরা, অন্যদিকে বিতাড়িত হিজবুল জঙ্গি জাকির মুসা সঙ্গীরা। শোনা গিয়েছে, জাকির সমর্থকরাই সেনাবাহিনীর কাছে সবজারের ঠিকানা ফাঁস করে দেয়। জঙ্গিগোষ্ঠীটির মধ্যে চলা বিবাদ জঙ্গিদমন অভিযানের পক্ষে সুখবর বলে মনে করছে নিরাপত্তা মহল। ওই বিবাদকে কাজে লাগিয়েই জঙ্গি সংগঠনটির কোমর ভেঙে দিতে চাইছে নিরাপত্তাবাহিনী।
[জানেন কি, মৃত সৈনিকদের সমাধিতে কেন কয়েন রাখা হয়?]
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় জঙ্গিরা একটি ভিডিও পোস্ট করে। ভিডিওটিতে জঙ্গিরা জানায় যে তারাই সেনাবাহিনীকে সবজারের হদিস বাতলে দেয়। এবং জাকির মুসার বিরোধিতা যারা করবে তাদেরও একই ফল ভুগতে হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল সেক্টরে সেনার গুলিতে নিহত হয় সবজার। গত বছর জুলাইতে বুরহান ওয়ানির মৃত্যুর পর সবজার আহমেদই হিজবুলের দায়িত্বভার গ্রহণ করেছিল। এছাড়াও রামপুর সেক্টরে ছয় জঙ্গিকে নিকেশ করেছিল সেনা। বুরহান ওয়ানির খুবই কাছের সঙ্গী ছিল এই সবজার। বেশ কিছু ছবি ও ভিডিওতে দু’জনকে একসঙ্গে দেখাও গিয়েছে। গত বছরের ৮ জুলাই বুরহানের মৃত্যুর পরেই সংগঠনের দায়িত্ব নেয় সে।
জুলাইয়েই কাশ্মীরের সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি। তারপর থেকেই অগ্নিগর্ভ উপত্যকা। ওই পরিস্থিতিকেই কাজে লাগিয়ে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ করাতে চাইছে পাকিস্তান।ইতিমধ্যে ভারতে অনুপ্রবেশের জন্য পাক অধিকৃত কাশ্মীরে মুজাফ্ফরনগরে ২৭ জন জঙ্গিকে প্রশিক্ষণ দিচ্ছে হিজবুল। সম্প্রতি সেই প্রশিক্ষণের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছেই একটি ক্যাম্পে রয়েছে প্রশিক্ষণরত এই জঙ্গিরা।
[সুষমার সাহায্যে দেশে ফিরলেন সৌদিতে বিক্রি হয়ে যাওয়া ভারতীয় মহিলা]
The post হিজবুল কমান্ডার সবজার ভাটের হদিস দিয়েছিল সঙ্গীরাই appeared first on Sangbad Pratidin.
