shono
Advertisement

Breaking News

Supreme Court

কাউকে অশ্রাব্য গালিগালাজ করা কি অপরাধ? তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

যে মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছিল, সেই মামলায় অভিযুক্ত মামলাকারীকে মায়ের নামে গালিগালাজ করেছিলেন। এমনকী মামলাকারীকে কাটারি দিয়ে আঘাত করেছিল।
Published By: Subhajit MandalPosted: 07:50 PM Jul 18, 2026Updated: 07:50 PM Jul 18, 2026

ক্ষোভ বা বিরক্তির বহিঃপ্রকাশের জন্য অনেক সময় অশালীন শব্দবন্ধ ব্যবহার করে ফেলেন কেউ কেউ। সেই গালিগালাজ নিতান্তই ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। সেটা বিশেষ পরিস্থিতি ছাড়া অপরাধ হিসাবে গণ্য করা যাবে না। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত বলছে, কোনও গালাগাল যতই অশ্রাব্য বা শালীনতার মাত্রা ছাড়াক না কেন, সেটাকে বিশেষ পরিস্থিতি ছাড়া অশালীনতার অপরাধের আওতায় ফেলা যাবে না।

Advertisement

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিপুল এম পাঞ্চোলির ডিভিশন এক মামলার প্রেক্ষিতে বলছে, "কোনও গালিগালাজ যতই অশ্লীল, অশ্রাব্য বা আপত্তিকর হোক, সেটাকে অশ্লীলতার দায়ে অপরাধ হিসাবে দেগে দেওয়া যাবে না, যতক্ষণ না তাতে কারও প্রবল যৌন ইচ্ছা প্রকাশ পায়, বা সেই বক্তব্য কোনও ব্যক্তিকে কলুষিত বা লাঞ্চিত করার উদ্দেশ্যে বলা হয়।" শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, যদি কাউকে স্রেফ ক্ষোভের বহিপ্রকাশের জন্য গালিগালাজ করা হয়, সেটা অপরাধ হিসাবে গণ্য হবে না। কিন্তু কাউকে কলুষিত করার উদ্দেশ্যে বা অসৎ যৌন উদ্দেশ্যের প্রকাশ পায় এমন গালিগালজ করলে সেটা অপরাধ।

সুপ্রিম কোর্ট বলছে, "একটা জিনিস পরিষ্কার করে দিতে হবে। আইনত অশ্লীল ভাষা প্রয়োগ, কাউকে গালিগালাজ করা এগুলি অশ্লীলতার অপরাধের মধ্যে পড়ে না। সেই গালাগালে যতই আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়। এই ধরনের অশ্লীল বা আপত্তিকর শব্দ হয় রাগের, বিস্ময়ের বা বিরক্তির উদ্রেক করতে পারে। কিন্তু শুধু অশ্রাব্য গালিগালাজ দেওয়াটাকে অপরাধ হিসাবে গণ্য করা যাবে না।"

যে মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছিল, সেই মামলায় অভিযুক্ত মামলাকারীকে মায়ের নামে গালিগালাজ করেছিলেন। এমনকী মামলাকারীকে কাটারি দিয়ে আঘাত করেছিল। শীর্ষ আদালত জানিয়েছে, ওই গালিগালাজ অশ্রাব্য হলেও সেটা অপরাধের আওতায় পড়ে না। তবে কাটারি দিয়ে আঘাত করাটা অপরাধ। তাই সেই মামলায় অভিযুক্তকে শাস্তি পেতেই হবে। ওই অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement