সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের মাথায় সারাক্ষণ গিজগিজ করছে বৈজ্ঞানিক সমীকরণ। মহাকাশে একসঙ্গে একশোটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে বিশ্বরেকর্ড গড়েন তাঁরা। প্রতি মুহূর্তে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে বদ্ধপরিকর। কথা হচ্ছে ইসরোর বিজ্ঞানীদের। আর মজার বিষয় হল, শুধু বিজ্ঞান দিয়েই নয়, দেশকে তাঁরা শ্রদ্ধা জানাতে জানেন সংগীতেও। ৭১তম স্বাধীনতা দিবসের আগে ইসরোর ‘সিরিয়াস’ বিজ্ঞানীদের একেবারে অন্যরূপে দেখল গোটা দুনিয়া।
[কৃষ্ণের প্রতিকৃতি মুদ্রায় এনে চমক এই দেশের]
স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করতে, তাঁদের পাশে দাঁড়াতে সে সময় গান লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মতো বরেণ্যরা। সেই গানই সারা দেশকে এক সুতোয় বেঁধে ফেলতে পেরেছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে এবার ভারতমাতাকে মিউজিক্যাল শ্রদ্ধা জানালেন বিজ্ঞানীরা। ২০ জন বিজ্ঞানী একসঙ্গে প্রথমবার একটি মিউজিক ভিডিও বানিয়ে ফেলেছেন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজেশনের (ইসরো) গবেষকরা ভিডিওটির নাম দিয়েছেন ‘আই অ্যাম অ্যান ইন্ডিয়ান’। ভিডিওতে তাঁদের বার্তা, তৈরি হোক হিংসামুক্ত নতুন এক দেশ। সেই সঙ্গে ভিডিওতে আগামী বছর চন্দ্রায়ন-২ অভিযানের জন্য সহকর্মীদের উদ্বুদ্ধ করছেন তাঁরা। আবর সাগরের তীরে হয়েছে শুটিং। গানটি মূলত গাওয়া হয়েছে মালয়ালম ভাষায়। দেড় মাস ধরে ভিডিওটি বানিয়েছেন তাঁরা। খরচ হয়েছে হাজার দশেক টাকা।
[কংগ্রেসের রাশ কি যাচ্ছে প্রিয়াঙ্কার হাতে? সোনিয়ার বার্তা ঘিরে জল্পনা]
২০০৮ সালে চাঁদের বুকে পা রেখেছিল চন্দ্রায়ন-১। রাশিয়া, আমেরিকা, জাপান ও চিনের মতো চাঁদের মাটিতে জায়গা করে নিয়েছিল ভারতের তেরঙ্গা। ইসরোর সেই সাফল্যে গর্বিত হয়েছিল গোটা দেশ। সেই মিশনের সঙ্গে যুক্ত থাকা বিজ্ঞানীরা ধরা দিলেন গায়ক হিসেবে। স্বাধীনতা দিবসের জন্য এই বিশেষ গানটির লেখক ও সংগীত পরিচালক অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার শিজু জি থোমাস। বলছেন, “সারাক্ষণ রকেট উৎক্ষেপণ নিয়েই ব্যস্ত থাকি আমরা। তার মধ্যেই সময় বের করে দেশকে ভালবেসে একটি গান লিখে ফেললাম। আশা করি, প্রতিটি ভারতীয়রই এই ভিডিও ভাল লাগবে।” আরেক ইঞ্জিনিয়ার জানান, “আমরা নিজেদের উদ্যোগেই ভিডিওটি তৈরি করেছি। এর সঙ্গে ইসরোর কোনও যোগ নেই।”
দেখুন সেই ভিডিও-
The post রকেট ছেড়ে গানে মন, স্বাধীনতা দিবস উদযাপনে ইসরোর বিজ্ঞানীরা appeared first on Sangbad Pratidin.
