shono
Advertisement
ISRO

ব্যর্থতা কাটিয়ে 'নটি বয়ে'র সফল উৎক্ষেপণ ইসরোর, মহাকাশেও এবার নজর রাখবে ভারতের 'চোখ'

বছরের শুরুতেই মহাকাশ অভিযানে বড় ধাক্কা খেয়েছিল ইসরো। সেই ধাক্কা সামলে দারুণ কামব্যাক করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।
Published By: Anwesha AdhikaryPosted: 09:12 AM Sep 04, 2026Updated: 10:52 AM Sep 04, 2026

বছরের শুরুতেই মহাকাশ অভিযানে বড় ধাক্কা খেয়েছিল ইসরো। পিএসএলভি-সি৬২ রকেটের মাধ্যমে ১৬টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়। কিন্তু মহাকাশে চিরতরে হারিয়ে গিয়েছে ১৬টি উপগ্রহ। এবার সেই ধাক্কা সামলে দারুণ কামব্যাক করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। শুক্রবার ভোররাতে গোটা দেশ যখন ঘুমে ডুবে, তখনই GSLV-F17/EOS-05-এর সফল উৎক্ষেপণ করল ইসরো। সফলভাবে নিজের কক্ষপথে স্থাপন করা গিয়েছে উপগ্রহটিকে।

Advertisement

শুক্রবার ভোররাত ২.৫৫তে রকেট উৎক্ষেপণ হয়। তার ১৯ মিনিটের মধ্যে সফলভাবে কক্ষপথে পৌঁছে যায় EOS-05। এই প্রথমবার জিওসিনক্রোনাস অরবিট থেকে পৃথিবী পর্যবেক্ষণ করবে ভারতীয় স্যাটেলাইট, অর্থাৎ কৌণিক অবস্থান থেকে পৃথিবী প্রদক্ষিণ করবে। এই উপগ্রহের মাধ্যমে নানা কোণ থেকে পৃথিবীর ছবি তোলা যাবে। রিয়েল টাইম এই ছবির মাধ্যমে যেমন প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সংকেত পাওয়া যাবে, তেমনই প্রতিরক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য় মিলবে। কৃষি, আবহাওয়া সম্পর্কিত তথ্যও সংগ্রহ করা যাবে এই ছবি থেকে। 

বছরের শুরুতে ব্যর্থতার পর প্রশ্ন উঠতে শুরু করেছিল ইসরোর দক্ষতা নিয়ে। কিন্তু বিজ্ঞানমহলে 'নটি বয়' বলে পরিচিত GSLV রকেটে ভরসা রেখেছিল ইসরো। যদিও ১৯টি উৎক্ষেপণের মধ্যে ছয়বার ব্যর্থ হয়েছে এই রকেট, তবু EOS-05কে মহাকাশে পাঠাতে এই রকেটই কাজে লাগানো হয়। পৃথিবী থেকে ৩৬০০০ কিলোমিটার উপরে জিওসিনক্রোনাস অরবিট থেকে ভারতের উপর নজর রাখবে 'আই অফ দ্য স্কাই'। প্রায় আড়াই হাজার কেজি ওজনের এই স্যাটেলাইট সম্ভবত ভারতের সবচেয়ে ভারী উপগ্রহ।

ইসরোর এমন ভূয়সী সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইসরোর মুকুটে নতুন পালক জুড়ল, সেটা গোটা দেশের পক্ষে গর্বের মুহূর্ত। কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী জিতেন্দ্র সিংও শুভেচ্ছা জানিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement