shono
Advertisement

Breaking News

Hemant Soren

‘সরকার আপনাদের কথা শুনেছে’, আন্দোলনকারীদের বার্তা হেমন্তের, শান্তির আহ্বান মুখ্যমন্ত্রীর

এদিকে টানা ৯ দিন অনশনের পর অবশেষে সোমবার হাসাপাতালে ভর্তি করানো হয়েছে ছাত্রনেতা তথা ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’ দেবেন্দ্রনাথ মাহাতোকে। হাসপাতাল সূত্রে খবর, দেবেন্দ্রনাথের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
Published By: Subhodeep MullickPosted: 06:55 PM Aug 11, 2026Updated: 06:55 PM Aug 11, 2026

শিক্ষা দুর্নীতির প্রতিবাদে উত্তপ্ত ঝাড়খণ্ড। পরীক্ষায় ভূরি ভূরি অনিয়মের অভিযোগে ফুঁসে উঠেছেন হাজার হাজার পরীক্ষার্থী। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের শান্তি ফেরানোর আর্জি জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বললেন, ‘সরকার আপনাদের কথা শুনেছে।’

Advertisement

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ভূরি ভূরি অনিয়মের অভিযোগে উঠেছে। বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার ছাত্রছাত্রী। হেমন্ত সরকারের বিরুদ্ধে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিবাদ করছেন তাঁরা। চাপে পড়ে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত। কিন্তু আলোচনা সদর্থক হয়নি – এই দাবিতে সোমবার বিধানসভা ঘেরাও কর্মসূচি করেন পড়ুয়ারা, যাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাঁচি। পড়ুয়াদের বিক্ষোভে শামিল হন সাধারণ মানুষও। বিক্ষোভ দমাতে লাঠিচার্জ করে পুলিশ। চালানো হয় জলকামানও। শুধু তাই নয়, ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও।

এরপরই হেমন্ত তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'আপনারা (আন্দোলনকারীরা) আপনাদের দাবির কথা তুলে ধরেছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় নিজেদের মতামত প্রকাশ করা আপনাদের অধিকার এবং সেই কণ্ঠস্বরকে সম্মান জানানো সরকারের দায়িত্ব। সরকার আপনাদের কথা শুনেছে। আমাদের প্রবীণ মন্ত্রীরা আপনাদের সঙ্গে নিরন্তর আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমি আশ্বাস দিচ্ছি, গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে আপনাদের দাবির বিষয়ে পদক্ষেপ করা হবে।" তিনি আরও বলেন, "সরকার পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, প্রযুক্তি-নির্ভর, নিরাপদ করে তুলতে চায়। এগুলির বাস্তবায়নে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" হেমন্তের কথায়, "আমরা ঝাড়খণ্ডকে এমন একটি উদাহরণ হিসাবে গড়ে তুলতে চাই যেখানে দীর্ঘস্থায়ী বিবাদের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।" তাঁর অভিযোগ, বিরোধী শিবিরের কিছু লোক রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে আন্দোলনকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

এদিকে টানা ৯ দিন অনশনের পর অবশেষে সোমবার হাসাপাতালে ভর্তি করানো হয়েছে ছাত্রনেতা তথা ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’ দেবেন্দ্রনাথ মাহাতোকে। হাসপাতাল সূত্রে খবর, দেবেন্দ্রনাথের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। বলা বাহুল্য, সোনম ওয়াংচুকের মতো ঝাড়খণ্ডের এই আন্দোলনকে প্রথম থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement