shono
Advertisement
Karnataka

কাবাব না বিষ! 'ভয়াল' নমুনা দেখে থ খাদ্য নিরাপত্তা আধিকারিকরা, আতঙ্কে খাদ্যরসিকরা

হস্টেল, হোটেল, ধাবা সর্বত্র তন্নতন্ন করে তল্লাশি চালিয়েছেন তাঁরা।
Published By: Biswadip DeyPosted: 07:37 PM Aug 17, 2026Updated: 07:42 PM Aug 17, 2026

যে খাবার দেখলে জিভে জল, সেই খাবারেই 'বিষ'! কর্নাটকে খাদ্য নিরাপত্তা বিভাগের তল্লাশিতে ফুটে উঠল সাংঘাতিক ছবি! কাবাব থেকে শাওয়ারমা, নমুনা সংগ্রহ করে থ হয়ে গিয়েছেন আধিকারিকরা। হস্টেল, হোটেল, ধাবা সর্বত্র তন্নতন্ন করে তল্লাশি চালিয়েছেন তাঁরা। আর সেই তল্লাশির ফলাফলে চক্ষু চড়কগাছ তাঁদের।

Advertisement

অভিযোগ ছিল অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং ব্যবহারের! তারই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগ শাওয়ারমার ৪১টি এবং কাবাবের ২১টি নমুনা পরীক্ষা করে। এর মধ্যে শাওয়ারমার ৯টি এবং কাবাবের ১টি নমুনাকে অ-নিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়। বিভাগটি জানিয়েছে যে, এজন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, বিভাগটি অনগ্রসর শ্রেণির জন্য নির্ধারিত ৬২৯টি ছাত্রাবাসও পরিদর্শন করেছে। পরীক্ষার জন্য সংগ্রহ করেছে ১,৮৬০টি খাদ্যের নমুনা। এছাড়া সমাজকল্যাণ বিভাগের অধীনে থাকা ৩৩১টি ছাত্রাবাস থেকে আরও ৫৫৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৮৬টি বাস টার্মিনাল এলাকায় ৮৮৯টি খাদ্য-বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ২০৬টি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে এবং মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কর্নাটকের ‘ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট’ আচমকাই সিদ্ধান্ত নেয় খাদ্য নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার। একাধিক পাঁচতারা হোটেল থেকে উদ্ধার হয় বাসি দুধ, ছত্রাকভর্তি সবজি এবং রাশি রাশি পচা মাংস! যেখানে পাঁচতারা হোটেল মানেই পরিচ্ছন্নতা ও উন্নত পরিষেবার ছবি ফুটে ওঠে, সেখানে বিপুল পরিমাণ মেয়াদ-উত্তীর্ণ খাদ্যের সন্ধানে বিস্মিত হয়েছেন সকলেই।

সাম্প্রতিক সময়ে মুম্বইয়ের বেশ কয়েকটি রেস্তরাঁ ও ক্লাবে পরিদর্শনের সময় পোকামাকড়, মেয়াদ-উত্তীর্ণ খাবার ও অন্যান্য নিয়ম লঙ্ঘনের মতো সমস্যা ধরা পড়ায় মহারাষ্ট্রের এফডিএ খাদ্য-সংক্রান্ত লাইসেন্স স্থগিত করেছে। তার মধ্যেই কর্নাটকের পরিস্থিতিও ভয় ধরাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement