সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা হয়েছিল গত সপ্তাহেই । সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ভারতের ১৫ তম অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। ১১ই জুন পূর্বতন এজি মুকুল রোহতগির পদের মেয়াদ শেষ হয়ে যায়। তারপরেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নাম ঘোষণা করা হয় বর্ষীয়ান আইনজীবি বেণুগোপালের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র, পর্তুগাল ও নেদারল্যান্ডস সফরের আগেই ছিয়াশি বছর বয়েসী এই প্রবীণ আইনজীবীর কাঁধে দায়িত্ব দেওয়ার কথা আলোচনা করা হয়। এই কথা হয় প্রধানমন্ত্রী ও বেণুগোপালের মধ্যেও।
[পুলওয়ামায় হিজবুল জঙ্গিদের নিকেশ করল ভারতীয় সেনা]
তবে এর আগে নিজের পদ, নিজের দায়িত্ব সম্পর্কে মুখ খুলতে চাননি নতুন অ্যাটর্নি জেনারেল। তাঁর বক্তব্য ছিল, নোটিফিকেশন জারির পর, আনুষ্ঠানিক ঘোষণার পরই এসম্পর্কে বলবেন তিনি। বেণুগোপালের কাজে যোগ দেওয়া সংক্রান্ত ফাইল বেশ কয়েক সপ্তাহ আগেই আইনমন্ত্রক থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে রাষ্ট্রপতির সই দিয়ে শেষ হয় গোটা প্রক্রিয়া।
[জিএসটির ধাক্কায় অনেকটাই কমে গেল বাইক, গাড়ির দাম]
সংবিধান বিশেষজ্ঞ বেণুগোপাল পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। প্রসঙ্গত মোরারজি দেশাই সরকারের জমানায় দ্বিতীয়বারের জন্য তাঁকে অতিরিক্ত সলিসিটর জেনারেল পদে নিয়োগ করা হয়। বিভিন্ন সরকারের আমলে তাঁকে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাতে দেখা গেছে। সাম্প্রতিক কালে টুজি স্পেকট্রাম কাণ্ডে সিবিআই ও ইডির আইনজীবি হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।বিশেষজ্ঞ মহলের মতে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর সামনে আধার ও তিন তালাকের মতো দুটি বড়সড় চ্যালেঞ্জ থাকছে।
The post মুকুল রোহতগির পর এবার ইনি ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল appeared first on Sangbad Pratidin.
