শ্রাবণ মাসের প্রতি সোমবার পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি করা হবে। হেলিকপ্টার থেকে শিবভক্তদের মাথায় ছড়ানো হবে ফুল। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) এই ঘোষণা করেন। তিনি আরও জানান, শেওড়াফুলি থেকে তারকেশ্বরের পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর পুণ্যার্থীদের জন্য সেবাকেন্দ্র তৈরি করা হবে। তারকেশ্বর মন্দিরের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য ১৫ কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। তিনি জানান, আগামিকাল তিনি তারকেশ্বরে যাবেন।
মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যের অন্যান্য জেলায় শ্রাবণ মেলার সময় সরকার সহযোগিতা করে। এতদিন পশ্চিমবঙ্গ এই সহায়তা থেকে বঞ্চিত ছিল। কিন্তু এবার থেকে আর তা হবে না। এবছর আপাতত রাজ্যের তিনটি শিব মন্দিরকে তিনটি ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে সরকার। সেগুলি হল হুগলির তারকেশ্বর ধাম, জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং জয়ন্তী এলাকার একটি শিব মন্দির। শেওড়াফুলি থেকে তারকেশ্বর প্রায় ৩০ কিলোমিটার পথ। এই পথে লক্ষ লক্ষ শিবভক্ত জল নিয়ে হেঁটে তারকেশ্বরে যান। তাই পুণ্যার্থীদের কষ্ট কমাতে পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর সেবাকেন্দ্র তৈরি করা হচ্ছে। এছাড়াও গোটা শ্রাবণ মাসজুড়ে পুণ্যার্থীদের জন্য পুলিশি সহায়তা কেন্দ্র, মেডিক্যাল ক্যাম্প, জল, ওআরএস ও বিশ্রামের জায়গা থাকবে। সেই সব জায়গায় সরকারি সহায়তা নিতে পারবেন ভক্তরা।
মুখ্যমন্ত্রী জানান, আবহাওয়া ঠিক থাকলে শ্রাবণ মাসের প্রতি সোমবার পুণ্য়ার্থীদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রাবণ মাস শুরুর আগে আগামিকাল, মঙ্গলবার তারকেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ১৬ তারিখ কলকাতার ঐতিহ্যবাহী ইসকনের রথযাত্রায় উপস্থিত থাকবেন তিনি।
