shono
Advertisement
Lucknow

তিশা কাণ্ডের চাঞ্চল্যের মাঝেই এবার লখনউয়ে বধূর মৃত্যু! বিয়ের ৬ মাসের মাথায় পণের জন্য খুন?

২০২৫ সালের ২২ নভেম্বর শ্বেতার সঙ্গে বিয়ে হয় ভূপেন্দ্র সিংয়ের। অভিযোগ, বিয়ের পর থেকেই শুরু হয় ঝামেলা।
Published By: Biswadip DeyPosted: 09:41 AM May 27, 2026Updated: 09:43 AM May 27, 2026

তিশা শর্মার মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেশজুড়ে। তার মধ্যেই এবার সামনে এল লখনউয়ের এক গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনা! বিয়ের মাত্র ৬ মাসের মধ্যেই উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। শ্বেতা সিং নামের ওই তরুণীর বাড়ির লোক তাঁর শ্বশুরবাড়ির ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। যদিও অভিযুক্তরা সকলেই পলাতক। যার মধ্যে রয়েছে শ্বেতার স্বামীও।

Advertisement

জানা গিয়েছে, লখনউয়ের ঠাকুরগঞ্জ এলাকায় শ্বেতার শ্বশুরবাড়িতে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, বারবার পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল। যার মধ্যে ছিল গাড়ির দাবিও। সেই পণ না পেয়েই তাঁদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।

২০২৫ সালের ২২ নভেম্বর শ্বেতার সঙ্গে বিয়ে হয় ভূপেন্দ্র সিংয়ের। অভিযোগ, বিয়ের পর থেকেই শুরু হয় ঝামেলা। শ্বেতার উপরে নিয়মিত মানসিক অত্যাচার করা হত বলে দাবি। যার ফলে ক্রমশই মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন শ্বেতা। আর এবার মিলল তাঁর ঝুলন্ত দেহ। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শ্বেতাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। শ্বেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি আরও পরিষ্কার বোঝা যাবে বলে দাবি তদন্তকারীদের।

সম্প্রতি দেশজুড়ে শোরগোল ফেলেছে প্রাক্তন মিস পুণে তিশা শর্মার মৃত্যু। মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। বিয়ের মাত্র ৫ মাসের মধ্যেই ভোপালে শ্বশুরবাড়িতে তিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিশার মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট। এর মধ্যেই লখনউয়ের শ্বেতার মৃত্যুতেও যেন একই রকম গার্হস্থ্য হিংসার প্রতিচ্ছবি দেখছে ওয়াকিবহাল মহল। পুলিশ পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement