shono
Advertisement
Prasoon Joshi

গানের দুনিয়া ছাড়িয়ে মুকুটে নয়া পালক! প্রসার ভারতীর প্রধান গীতিকার প্রসূন যোশী

প্রশাসনিক দায়িত্বে এই প্রথম নন, ২০১৭ সালে সিবিএফসি বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান ছিলেন বিখ্যাত গীতিকার।
Published By: Sucheta SenguptaPosted: 08:19 PM May 02, 2026Updated: 08:27 PM May 02, 2026

সুরের মাধুর্য আলাদা, কিন্তু বহু গানের শুধুমাত্র কথায় মুগ্ধ হয়েছেন কতশত মানুষ। বলিউডের সেই বিখ্যাত, স্বনামধন্য গীতিকার ও লেখক প্রসূন যোশীর মুকুটে জুড়ল নতুন পালক। প্রসার ভারতীর চেয়ারম্যান পদে এলেন তিনি। শনিবারই তাঁকে নতুন পদে নিয়োগ করা হয়েছে। এখন থেকে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের যাবতীয় কাজকর্ম চলবে প্রসার ভারতীর তত্ত্বাবধানে। এই মুহূর্তে যাঁরা শীর্ষ পদে রয়েছেন, তাঁদের বিদায় নেওয়ার পালা। আর তারপরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন প্রসূন যোশী। কেরিয়ারের নতুন উচ্চতার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রের তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব।

Advertisement

আসলে প্রসার ভারতীর চেয়ারম্যানের পদে প্রসূন যোশীর স্থলাভিষিক্ত হওয়া কিছুটা আচমকাই। মাত্র দু'বছর দায়িত্ব সামলানোর পর গত ডিসেম্বরে হঠাৎ করেই এই পদ থেকে সরে যান তৎকালীন চেয়ারম্যান নবনীত কুমার সেহগল। উত্তরপ্রদেশের উপ-মুখ্যসচিব পদে মেয়াদ শেষের পর তাঁকে প্রসার ভারতীর চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছিল ২০২৪ সালের মার্চ মাসে। কিন্তু ২০২৫ সালের ডিসেম্বরেই তিনি ইস্তফা দেন। সেই শূন্যস্থান পূরণে নিয়ে আসা হল প্রসূন যোশীকে। তবে প্রশাসনিক দায়িত্বে তিনি এই প্রথম নন। এর আগে ২০১৭ সালে সিবিএফসি বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান ছিলেন বিখ্যাত গীতিকার। এছাড়া আরও বেশ কিছু পদ সামলেছেন।

 

তাঁকে প্রসার ভারতীর দায়িত্ব দেওয়া নিয়ে তথ্য-সম্প্রচার মন্ত্রকের বিবৃতি, 'সৃষ্টিশীল জগতে প্রসূন যোশীর অসামান্য অবদানের কথা সকলেরই জানা। তাঁর কাজকে আমরা খুবই কদর করি। সেই কাজের জোরেই তিনি প্রসার ভারতীতে আমূল বদল নিয়ে আসবেন বলে আশা করছি। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও তত্ত্বাবধানে আরও উন্নত হয়ে উঠবে প্রসার ভারতী। বিশেষ করে এই কঠিন সময়, যখন সম্প্রচার পুরোপুরি প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং জনপ্রিয় হয়ে উঠছে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement