চিকিৎসকের ‘গাফিলতি’তে দৃষ্টি হারাল ১৯ মাসের এক শিশু। পরিবারের অভিযোগ, ভুলবশত নাকের ড্রপ শিশুর চোখে দিয়ে দিয়েছিলেন ওই চিকিৎসক। তারপরই এই ভয়ংকর পরিণতি হয়। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই সর্দি-কাশিতে ভুগছিল ওই শিশু। তার চোখ লাল হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতি তার বাবা ইন্দ্রাজ বিশ্বকর্মা সোমবার নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে সন্তানকে নিয়ে যান। যুবকের অভিযোগ, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রথমে পরীক্ষা করেন। এরপর চিকিৎসার সময় ভুলবশত খুদের চোখে নাকের ড্রপ দিয়ে দেন। তার কয়েকঘণ্টা পর থেকেই শিশুটির অবস্থা খারাপ হতে শুরু করে।
পরিবারের দাবি, তারা বেশ কয়েক ঘণ্টা হাসপাতালেই ছিলেন। কিন্তু শিশুটির অবস্থার কোনও উন্নতি হয়নি। এরপর চিকিৎসকরা তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তির করেন। সেখানে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা শিশুটিকে উচ্চতর কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর শিশুটিকে ভোপাল এইমসে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, শিশুটি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের ওই চিকিৎসকের ভূমিকা।
