shono
Advertisement
Maharashtra

যেন সিনেমার স্ক্রিপ্ট, ৬ মাস বয়সে 'খুন' বাবা, ২৩ বছর পর হত্যাকারীকে মেরে বদলা ছেলের!

ঘটনার বীজ রয়েছে ২০০৩ সালে। ওই বছর মন্থনের বাবা দীনেশ বৈদ্য খুন হন। অভিযোগ, তুচ্ছ কারণে বচসার পর দীনেশকে খুন করেছিলেন সঞ্জয়।
Published By: Kishore GhoshPosted: 06:16 PM Jul 21, 2026Updated: 09:09 PM Jul 21, 2026

এ-যেন বদলাপুর ছবির স্ক্রিপ্ট। ২৩ বছর পর বাবার খুনের বদলা নিলেন ২৪ বছরের যুবক। এই ঘটনা পুণের গ্রামীণ এলাকায়। মন্থন বৈদ্যের বয়স যখন ৬ মাস, তখন খুন হয়েছিলেন তাঁর বাবা। দুই দশকের বেশি পরে বাবার খুনি চল্লিশ বছরের সঞ্জয় বাবুরাও কাদু-দেশমুখকে নৃশংস ভাবে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত এবং তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

গত ১১ জুলাই পুণে জেলার ভোর তহসিলে পুরনো কাতরাজ সুড়ঙ্গে মেলে সঞ্জয় বাবুরাও কাদু-দেশমুখের দেহ। মৃতের দেহে ধারালো অস্ত্রে একধিক আঘাতের চিহ্ন মিলেছে। খুনের মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। প্রযুক্তির সাহায্য় নিয়ে দুই সন্দেহভাজন মন্থন বৈদ্য এবং সৌরভ পরদেশীকে চিহ্নিত করে পুলিশ। তদন্তের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানান, জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে দুই অভিযুক্ত। এই কাজে সাহায্য করে মিজান শেখ এবং সন্দীপ কোরি নামের আরও দু'জন।

তদন্ত এগোলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ঘটনার বীজ রয়েছে ২০০৩ সালে। ওই বছর মন্থনের বাবা দীনেশ বৈদ্য খুন হন। অভিযোগ, তুচ্ছ কারণে বচসার পর দীনেশকে খুন করেন সঞ্জয়। সেই সময় ছয় মাস বয়স ছিল মন্থনের। সহকারী পুলিশ আধিকারিক চেতন মাচালে জানন, ছোটবেলায় ঘটনার জানার পরেই মন্থন প্রতিজ্ঞা করেছিলেন বড় হয়ে বাবার হত্যাকারীকে খুন করবেন। সম্প্রতি তিনি অন্য অভিযুক্তদের সঙ্গে সঞ্জয়কে খুনের ষড়যন্ত্র করেন।

পুলিশ জানিয়েছে, সঞ্জয় অন্য একটি ফৌজদারী মামলায় সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন। ছক কষে সেই সময়েই তাঁকে খুন করা হয়েছে। মন্থন-সহ চার অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement