shono
Advertisement
Maharashtra TET 2026 Paper Leak

প্রশ্ন ফাঁসের জেরে স্থগিত মহারাষ্ট্র টেট! 'তোলাবাজিতে পরিণত শিক্ষাব্যবস্থা', বিজেপিকে তোপ রাহুলের

মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পর্ষদ জানিয়েছে, তারা সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন করতে দায়বদ্ধ। পরিস্থিতির গুরুত্ব ও পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তা মাথায় রেখে ২৮ জুনের পরীক্ষা স্থগিত থাকছে। ৩৭টি জায়গার ১৭২৮টি কেন্দ্রে অন্তত ৬ লক্ষ প্রার্থীর পরীক্ষায় বসার কথা ছিল।
Published By: Subhodeep MullickPosted: 10:13 AM Jun 28, 2026Updated: 11:04 AM Jun 28, 2026

রবিবারের শিক্ষকতার যোগ্যতা নির্ণায়ক টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট), ২০২৬ শেষ মুহূর্তে স্থগিত হল মহারাষ্ট্রে। মাত্র ২৪ ঘণ্টা আগে প্রশ্নফাঁসের সন্দেহ, আশঙ্কায় বন্ধ রাখা হল পরীক্ষা। সরকারি কর্তারা জানিয়েছেন, থানের ভিওয়ান্ডি শহরে হানা দিয়ে কয়েকজনের হেফাজত থেকে একাধিক প্রশ্ন উদ্ধার করা হয়েছে যেগুলি টেট পরীক্ষার নির্ধারিত প্রশ্নপত্রের সঙ্গে প্রায় মিলে গিয়েছে বলে অনুমান। এ ব্যাপারে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে ভিওয়ান্ডি পুলিশ।

Advertisement

পাশাপাশি বিবৃতি দিয়ে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পর্ষদ জানিয়েছে, তারা সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন করতে দায়বদ্ধ। পরিস্থিতির গুরুত্ব ও পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তা মাথায় রেখে ২৮ জুনের পরীক্ষা স্থগিত থাকছে। ৩৭টি জায়গার ১৭২৮টি কেন্দ্রে অন্তত ৬ লক্ষ প্রার্থীর পরীক্ষায় বসার কথা ছিল।

থানে জেলা প্রশাসন সূত্রে খবর, শনিবার সকালেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসে। কয়েকজনের হাতে বেআইনিভাবে প্রশ্নপত্র চলে গিয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে ভিওয়ান্ডি পুলিশ তল্লাশি অভিযানে নামে। সন্দেহভাজনদের ঠিকানায় হানা দিয়ে পাওয়া যায় একাধিক প্রশ্ন। পর্ষদের পদস্থ কর্তাদের সঙ্গে সঙ্গে ডেকে এনে উদ্ধার হওয়া প্রশ্নগুলি খতিয়ে দেখতে বলে পুলিশ। ভালো করে খুঁটিয়ে দেখে তাঁরা নিশ্চিত হন, টেট পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল রয়েছে তল্লাশিতে পাওয়া অনেক প্রশ্নের। পর্ষদের তরফে পরীক্ষার্থীদের গুজব, উড়ো খবরে কান না দেওয়ার আবেদন করা হয়েছে। পরীক্ষার সংশোধিত দিনক্ষণ, সূচি শীঘ্রই পর্ষদের সরকারি ওয়েবসাইটে দেওয়া হবে। প্রার্থীদের কাছ থেকে নতুন করে পরীক্ষায় বসার জন্য রি-রেজিস্ট্রেশন বাবদ কোনও ফি নেওয়া হবে না।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে মহারাষ্ট্রের বিরোধী শিবির নিশানা করেছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে। প্রশ্নপত্র ফাঁস কোনও নতুন ব্যাপার নয়, এটা মহারাষ্ট্র সরকারের পরিচয় হয়ে উঠেছে বলে তাদের কটাক্ষ। প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকালের দাবি, বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, আগামিকালের টেট-এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে উপ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের শক্ত ঘাঁটি, থানেতে। লাখ লাখ পড়ুয়ার কঠিন পরিশ্রম, স্বপ্ন, ভবিষ্যৎ ধ্বংস করা চক্রটিকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে কে, প্রশ্ন করেন তিনি।

অন্যদিকে, গোটা ঘটনায় বিজেপিকে তোপ দেগেছে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'আবারও প্রশ্নপত্র ফাঁস। আবারও পরীক্ষা বাতিল। এবার মহারাষ্ট্র টেট। দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা তোলাবাজিতে পরিণত হয়েছে, যার ফলে দেশের প্রতিটি তরুণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটি কেবল প্রশ্নপত্র ফাঁস নয়, এটি তরুণদের ভবিষ্যৎ চুরি করার শামিল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement