মেঙ্গালুরুতে অটোয় প্রেসার কুকার বিস্ফোরণে বিশেষ এনআইএ আদালতে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত মহম্মদ সারিক। তাকে ১০ বছরের কারাদণ্ডের শাস্তি দিলেন বিচারক। ২০২২ সালের ১৯ নভেম্বর দুপুরে মেঙ্গালুরুর একটি অটোরিক্সায় প্রেসার কুকার বিস্ফোরণ ঘটে। তদন্তে উঠে আসে ভিড় ঠাসা কাদরি মঞ্জুনাথ মন্দিরে বিস্ফোরণ ঘটনোর উদ্দেশ্য ছিল মহম্মদ সারিকের। যদিও মাঝপথে অটোর মধ্যেই বিস্ফোরণ ঘটে যায়। এই ঘটনায় অটোচালক পুরুষোত্তম তিওয়ারি এবং অভিযুক্ত মহম্মদ সারিক গুরুতর জখম হন।
তিন মাসের চিকিৎসায় সেরে ওঠেন সারিক। এর পরেই তাকে হেফাজতে নেয় এনআইএ। তদন্ত চালিয়ে চার্জশিট জমা দেন তদন্তকারীরা। আগেই বেঙ্গালুরু পুলিশ দাবি করেছিল, রেলের বেঙ্গালুরু শাখার কর্মী প্রেমরাজের নাম-পরিচয় ভাঁড়িয়ে অটোয় সফর করছিল অভিযুক্ত। তার সঙ্গে ভুয়ো নাম-ঠিকানা এবং ছবি ছিল। অটোয় একটি ব্যাটারি লাগানো প্রেসার কুকার নিয়ে উঠেছিল অভিযুক্ত। কুকারে বিস্ফোরণ ঘটানোর জন্য প্রয়োজনীয় যন্ত্র লাগানো ছিল। তাতেই বিস্ফোরণ ঘটে।
উল্লেখ্য, এর আগেও জঙ্গিযোগে অভিযুক্ত ছিলেন মহম্মদ সারিক। একটি মামলায় তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল মাস মুনির এবং সাদাত হোসেন নামের আরও দুই যুবককে। যদিও পরে তার জামিন ছাড়া পেয়ে যান। তদন্তে নেমে এনআইএ জানতে পারে, একাধিক জঙ্গি সংগঠনের হয়ে তরুণ প্রজন্মের মগদ ধোলাইয়ের কাজ করতেন ম্যাঙ্গালুরু বিস্ফোরণে অভিযুক্ত।
