shono
Advertisement
Bihar

দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে আচমকা আগুন! প্ল্যাটফর্মেই পুড়ে খাক তিনটি বগি

বিহারের সহরসা জেলার সিমরি বখতিয়ার স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
Published By: Arpita MondalPosted: 10:37 AM Aug 03, 2026Updated: 01:11 PM Aug 03, 2026

ভোররাতে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ড! আচমকাই আগুন লেগে যায় ট্রেনের ইঞ্জিনে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পরপর কামরায়। সোমবার ভোররাতে বিহারের (Bihar) সহরসা জেলার সিমরি বখতিয়ার স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

Advertisement

জানা গিয়েছে, সোমবার ভোর ৩টে ২৫ সিমরি বখতিয়ারপুর স্টেশনে সমস্তিপুর-সহরসা প্যাসেঞ্জার ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্ম ঢুকেছে। ট্রেনে সে সময় যাত্রী ছিলেন। আচমকাই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখতে পাওয়া যায়। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে ইঞ্জিনটি। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পরপর তিনটি বগিতে। আগুন টের পেতেই ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত ট্রেন থেকে তারা নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেলেও পুড়ে ছাই হয়ে যায় ট্রেনের তিনটি বগি।

রেল সূত্রে খবর, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় পরপর বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। তবে সকাল ৬ টা থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। ঘটনার তদন্ত করছে পুলিশ ও রেল। ট্রেনের ইঞ্জিনে কোনও ফল্ট ছিল কি না, তাও খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন, ঘটনায় বেশ কিছুক্ষণ রেল পরিষেবা ব্যাহত হয়েছে। একাধিক প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়েছে। শ্রাবণী মেলার স্পেশাল বেশকিছু ট্রেন দেরিতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement